শেখ কামাল ক্লাব কাপ ফুটবল
স্পোর্টস রিপোর্টার
গত বছর অক্টোবরে চট্টগ্রামে অনুষ্ঠিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মালয়েশিয়ার তেরেঙ্গানু ফুটবল ক্লাব প্রাইজমানি বাবদ ৫০ হাজার ডলার পুরস্কার এখনো পায়নি।
চট্টগ্রাম আবাহনী এই আয়োজন করেছিল, সঙ্গে যুক্ত ছিল সাইফ পাওয়ারটেক প্রতিষ্ঠান। জাঁকজমকপূর্ণ এই আয়োজন চট্টগ্রামের ফুটবলে সাড়া ফেলেছিল। কিন্তু চ্যাম্পিয়ন দলকে এখনো পাওনা অর্থ না দেওয়ায় তা পাঠানোর জন্য চিঠি দিয়েছে বাফুফে।
এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘টুর্নামেন্টের সদস্য সচিব সামছুল হক চৌধুরী এবং টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী সাইফ পাওয়ারটেকের কর্নধার তরফদার রুহুল আমিনকে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘ মালয়েশিয়ান ক্লাব তেরেঙ্গানুর ম্যানেজার তিন চার দিন আগে বাফুফেতে যোগাযোগ করে জানিয়েছিল তারা শেখ কামাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন প্রাইজমানি পায়নি। আর আমরা চিঠি পাঠিয়েছি আরো দিন দশেক আগে। আমরা টুর্নামেন্টের ফাইল ক্লোজ করতে গিয়ে দেখা যায় চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি দেওয়া হয়নি। তাই চিঠি দেওয়া হয়েছিল। আর মালয়েশিয়ান ক্লাব যোগাযোগ করে অনেক পরে।’
চট্টগ্রাম আবাহনীর মহাসচিব সামছুল হক চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তার কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।
