চ্যাম্পিয়ন্স লিগ ‘প্রায় নিশ্চিত’ লিভারপুলের!

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৬

স্পোর্টস ডেস্ক

চলতি মৌসুমে জয়ের ধারা যেন থামছেই না লিভারপুলের। প্রিমিয়ার লিগে নিজেদের ২৬তম ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে ১-০ গোলের জয়টি তুলে শীর্ষে ২৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে দলটি। যার ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলাও প্রায় নিশ্চিত করেছে য়ুর্গেন ক্লপের শিষ্যরা।

এ অবস্থা থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা ‘এড়াতে’ হলে লিভারপুলকে হারতে হবে বাকি সব ম্যাচ। চেলসিকে আগামী ১২ ম্যাচেই জিততে হবে। টটেনহ্যামের কাজটাও একই রকমের কিন্তু গোল ব্যবধানও বাড়াতে হবে দলটিকে।

এদিকে সিটি সব ম্যাচ জিতলেই চলবে না, উয়েফার দেওয়া ২ বছরের চ্যাম্পিয়ন্স লিগ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে করা আপিলটিও জিততে হবে। যদি শেষের শর্তটা পূরণ না হয় তবে পরের সব ম্যাচে হারলেও আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে লিভারপুল। মোহামেদ সালাহদের বর্তমান ফর্ম যাকে অলীকই ভাবতে বাধ্য করছে! 

নরউইচ সিটির বিপক্ষে ঘরের মাঠের জয়টা ৪-১ ব্যবধানের হলেও গত শনিবার রাতে জয়সূচক গোলটির জন্য অল রেডদেরকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত। অধিনায়ক জর্ডান হেন্ডারসনের পাস থেকে গোলটি করেন সাদিও মানে। এর ফলে প্রিমিয়ার লিগে নিজেদের জয়ের ধারাটা ১৭ ম্যাচে উন্নীত করে দলটি। আর এক ম্যাচ জিতলেই ২০১৭-১৮ মৌসুমে সিটির টানা ১৮ জয়ের রেকর্ডে ভাগ বসাবে তারা। দুটো জিতলে গড়বে নতুন এক রেকর্ডই।

প্রতিপক্ষের মাঠে কষ্টার্জিত এই জয় প্রিমিয়ার লিগ জয় থেকেও ১৫ পয়েন্টের ব্যবধানে নিয়ে এসেছে ক্লপের দলকে। চলতি মৌসুমে যে ছন্দে খেলছে দলটি, তাতে পরের পাঁচ ম্যাচেই লিগজয় নিশ্চিত করে ফেললেও অবাক হওয়ার কিছুই থাকবে না।