ধোনির ফেরার মঞ্চ প্রস্তুত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৬

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর থেকে একরকম স্বেচ্ছায় নির্বাসনে আছেন তিনি। জাতীয় দল থেকেও ডাক পাননি, তিনি নিজেও ফেরার কোনো আগ্রহ দেখাননি। বাদ পড়েছেন বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তি থেকে। তবে, ক্রিকেটে ধোনির ফেরার মঞ্চটা প্রস্তুত হয়েই আছে।

আসছে মার্চে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়েই তিনি আবারও ক্রিকেটে ফিরতে চলেছেন। আইপিএল শুরু হবে আগামী ২৯ মার্চ। প্রথম দিনই মুখোমুখি হবে আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল দুই দল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স।

ধোনি এবার বরাবরের মতোই আছেন চেন্নাই দলে। তাকে ঘিরেই চতুর্থবারের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি আসরের শিরোপা জিততে মরিয়া সিএসকে। চিপাকে আগামী ১ মার্চ থেকে শুরু হবে দলের অনুশীলন।

টাইমস অব ইন্ডিয়াকে একটি সূত্র জানিয়েছে, ‘আমরা আশা করছি আগামী ১ মার্চই ধোনি দলে যোগ দেবে। দলের সঙ্গে ও কয়েক সপ্তাহ অনুশীলন করবে। এরপর ফিরে গিয়ে চার-পাঁচ দিন ছুটি কাটিয়ে আবারও আইপিএল শুরুর আগে চলে আসবে।’