জাতীয় দিবসে বাংলায় সন ও তারিখের ব্যবহার কেন নয় :হাইকোর্ট

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৫

একুশে ফেব্রুয়ারিসহ বিভিন্ন জাতীয় দিবস উদ্যাপনে ইংরেজির পাশাপাশি বাংলা সন ও তারিখ ব্যবহারে নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী দশ দিনের মধ্যে মন্ত্রিপরিষদ সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেন।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংরেজির পাশাপাশি বাংলা সন ও তারিখ লেখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন চুয়াডাঙ্গার দামুড়হুদার বাসিন্দা মো. নস্কর আলী। আবেদনে বলা হয়, ফেব্রুয়ারি হলো ভাষার মাস। এটা আমাদের জন্য যেমন বেদনার মাস তেমনি গর্বেরও। এ মাতৃভষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন এদেশের দামাল ছেলেরা। কিন্তু সেই মাতৃভাষা দিবস পালনের ক্ষেত্রে বাংলায় সন ও তারিখের ব্যবহার করা হয় না। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন। শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে।