সাজা হলেই সরকারি চাকরি থেকে কেন বরখাস্ত নয় :হাইকোর্ট

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৬

ফৌজদারি অপরাধের মামলায় কোনো সরকারি কর্মচারী দণ্ডিত হলে বরখাস্ত সংক্রান্ত ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেন।

সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪২ ধারায় বলা হয়েছে, (১) কোনো সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় আদালত কর্তৃক মৃত্যুদণ্ড বা ১ (এক) বছর মেয়াদের অধিক মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হলে, উক্ত দণ্ড আরোপের রায় বা আদেশ প্রদানের তারিখ থেকে চাকরি হতে তাত্ক্ষণিকভাবে বরখাস্ত হবেন। এ বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন হিউম্যান রাইটস অ?্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ। তিনি সাংবাদিকদের বলেন, আগের আইনে ছিল—সাজা হলেই চাকরি যাবে। এখন সেখানে এক বছর করা হয়েছে। তার মানে এক বছরের কম সাজা হলে তার চাকরি যাবে না। হাইকোর্ট নতুন এই বিধানের বৈধতার প্রশ্নে রুল জারি করেছে।