মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে গাড়ি দৃষ্টিনন্দন করে চালানোর সিদ্ধান্ত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৬

মুজিববর্ষ-২০২০ উদ্যাপন উপলক্ষ্যে রাজধানীতে রংচটা গাড়ি দৃষ্টিনন্দন করে চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। গতকাল রবিবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে (কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ) মালিক-শ্রমিক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। উপস্থিত ছিলেন ঢাকাস্থ সব বাসটার্মিনাল মালিক সমিতি, রুট মালিক সমিতি, পরিবহন কোম্পানি এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সভায় বিস্তারিত আলোচনা শেষে তিনটি সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরই মধ্যে রয়েছে মুজিববর্ষ-২০২০ উদ্যাপন উপলক্ষ্যে রাজধানী ঢাকা মহানগরীতে রংচটা ও লক্কড়-ঝক্কড় ধরনের গাড়িগুলো দৃষ্টিনন্দন করে চালানো, সায়েদাবাদ ও মহাখালী বাসটার্মিনালে ক্ষণ গণনার ঘড়ি স্থাপন এবং ঐ দিন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষে পরিবহন মালিক-শ্রমিকদের র্যালির আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। গতকাল রবিবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।