বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু দেখতে গিয়ে রাস্তা পারাপারের সময় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, লক্ষ্মীপুরের মনোহরপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মায়েন উদ্দিন হামেম এবং গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও গ্রামের সাইদুর রহমানের মেয়ে সাদিয়া ইসলাম নদী। তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ইন্টার্ন চিকিত্সক হিসেবে কর্মরত ছিলেন।
কামারখন্দ (সিরাজগঞ্জ): কামারখন্দে মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারীসহ তিন জন নিহত ও আরো ২০ জন আহত হয়েছেন। গতকাল বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শিমুলবাড়ি গ্রামের রাশেদ মিয়ার স্ত্রী শাপলা খাতুনের (২৭) পরিচয় জানা গেছে।
কুমিল্লা: বউভাতের দিন বাজার থেকে মাংস আনতে গিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত হন বর ইমরান হোসেন (২৩)। শনিবার চান্দিনার মহিচাইল ইউনিয়নের মহিচাইল উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইমরান চান্দিনা মহিচাইল উত্তরপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে। শুক্রবার বিশ্ব ভালোবাসা দিবসে ইমরানের সঙ্গে একই গ্রামের শিউলি আক্তারের বিয়ে হয়।
সিংড়া (নাটোর) : ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সিংড়া শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজুর রহমান মিঠু (৩৫) নিহত হয়েছেন।
তালা (সাতক্ষীরা): জাতপুর-মহান্দী সড়কের চণ্ডিপুর প্রাইমারি স্কুলসংলগ্ন ব্যাটারি ভ্যানের ধাক্কায় গতকাল প্রতীম দাস তোজো (৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): বিজয়নগরে শনিবার বক্তারমোরা গ্রামে বাড়ির সামনে অটোরিকশা চাপায় তাহসিন (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
মিরপুর (কুষ্টিয়া) : মিরপুরে ট্রাক চাপায় হান্নান সরকার (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সাতক্ষীরা : সাতক্ষীরার ছয়ঘরিয়া মোড়ে গতকাল অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ট্রলিচালক কামরুল ইসলাম (২৬) নিহত হয়েছেন।
ঝিনাইগাতী (শেরপুর) : ঝিনাইগাতীতে ট্রাকচাপায় মোবারক হোসেন (৫০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ মাইজবাগ বাজারে শনিবার সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হাদিস মিয়া (৩৫) নামে এক জন নিহত হয়েছেন।
বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে রাজাপুর-জোনাইল সড়কের গোপালপুর সৈয়দ মোড়ে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় শনিবার মামুন হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
