ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

হাবিপ্রবির শিক্ষককে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৬

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিক্যুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক রমজান আলীকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে রিজেন্ট বোর্ড। শনিবার হাবিপ্রবির সর্বোচ্চ ফোরাম রিজেন্ট বোর্ডের ৪৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক সদস্য জানান, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মোট ১৯ সদস্যের মধ্যে ১৪ জন উপস্থিত ছিলেন। সভায় মোট ২৭টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্তকৃত বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিক্যুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক রমজান আলীকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। ঐ সদস্য জানান, পরবর্তী সময়ে এটি নোটিশ আকারে দেওয়া হবে। রিজেন্ট বোর্ডের একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২০১৮ সালের ৩০ জুলাই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।