বগুড়ায় অভিযুক্ত স্বামী গ্রেফতার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৭

বগুড়ায় দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ‘শায়েস্তা’ করতে বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করানোর অভিযোগ ওঠা অভিযুক্ত সেই স্বামী রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার শাজাহানপুর থানা পুলিশ শহরের ঠনঠনিয়ায় অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেফতার করে। 

এর আগে শনিবার রাতে শাজাহানপুর থানায় রফিকুল ইসলামকে প্রধান আসামি করে নির্যাতিত নারীর বাবা মামলা করেন। মামলায় বন্ধুকে দিয়ে ধর্ষণের পর  ব্লেড দিয়ে শরীর জখম ও মাথার চুল কেটে দিয়ে আগুনে স্ত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে রফিকুল ইসলামের বিরুদ্ধে।

তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম দাবি করেছেন, তিনি ঢাকা-উত্তরবঙ্গ রুটের দূরপাল্লার একটি বাসের সুপারভাইজার। শনিবার যে সময়ে ধর্ষণ ও নির্যাতনের কথা বলা হচ্ছে ঐ সময়ে তিনি রংপুর থেকে ঢাকা অভিমুখি দূরপাল্লার কোচে দায়িত্বরত ছিলেন। তাকে পূর্ব পরিকল্পিতভাবে সাজানো মামলায় ফাঁসানো হয়েছে।