রংপুর সদরের মমিনপুর পালপাড়া তিস্তা সেচ প্রকল্পের ক্যানেল থেকে গতকাল রবিবার সকালে বস্তাবন্দি অবস্থায় রুমাইয়া আক্তার রুমি (২১) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রংপুর সদর থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বদরগঞ্জ পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার বকুল মিয়ার মেয়ে রুমি দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। বর্তমানে রুমির কলেজ বন্ধ থাকায় তিনি রংপুরের ইউসেপ টেকনিক্যাল স্কুলে ফ্রিজ ও ইলেকট্রনিক্সের ওপর তিন মাস মেয়াদি কোর্স করার জন্য রংপুরে যাতায়াত করতেন। গত শনিবার দাওয়াত খাওয়ার কথা বলে রুমি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খুঁজেও তাকে পায়নি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে হত্যা করে লাশ ক্যানেলে ফেলে রেখে চলে যায়।
মরদেহ উদ্ধারের সময় মেয়েটির ভ্যানিটি ব্যাগ পাশে পড়েছিল। সেই ব্যাগে থাকা কাগজপত্র প্রাথমিকভাবে তার পরিচয় জানতে পারে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সাজেদুর রহমান বলেন, এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, মেয়েটির নাকে রক্ত ও গালে আঙুলের আঁচড়ের দাগ ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে রুমির লাশ উদ্ধারের খবর বদরগঞ্জ থানা পুলিশ রুমির বাবা বকুল মিয়াকে জানালে খবরটি শুনেই রুমির বাবা জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় রুমির বাড়িতে এক হূদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরে রুমির মা বোন ও ভাই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে যান রুমির লাশ গ্রহণের জন্য।
