ছাপা বন্ধ থাকায় স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দিতে পারছে না বিআরটিএ সিলেট অফিস। সেখানে আটকে রয়েছে ১০ হাজারেরও বেশি গ্রাহকের স্মার্ট ড্রাইভিং লাইসেন্স। স্মার্ট ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীরা জানান, লাইসেন্স পাওয়ার জন্য দীর্ঘদিন আগে বিআরটিএ-তে পরীক্ষা দিয়ে অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন। কিন্তু ১০-১১ মাস আগেই এর মেয়াদ শেষ হয়ে গেলেও ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না তারা। মেয়াদ শেষে লাইসেন্সের খোঁজ নিতে গেলে কর্তৃপক্ষ আবারও অস্থায়ী লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে দিচ্ছে।
এই ভোগান্তির ফলে অনেকেই বিদেশে ড্রাইভিংয়ের চাকরি নিতে পারছেন না বলে জানালেন অস্ট্রেলিয়ায় বসবাসরত শিক্ষার্থী ওয়াসেক রশিদ। মধ্যপ্রাচ্য প্রবাসী একজন জানালেন, তার ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে, কিন্তু স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না।
সিলেট বিআরটিএর সিলেট সার্কেলের সহকারী পরিচালক ডালিম উদ্দিন বলেন, এরই মধ্যে সৌদী দূতাবাস থেকে নির্দেশনা এসেছে যেহেতু স্মার্ট কার্ড প্রিন্ট হচ্ছে না, তাই বিআরটিএ কর্তৃপক্ষের ইস্যু করা কাগজের ড্রাইভিং লাইসেন্সেই কাজ চলবে তাদের দেশে। বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. লুকমান হোসেন মোল্লা বলেন, লাইসেন্স কার্ডের জন্য নতুন দরপত্র আহ্বান করা হয়েছে।
সিলেট বিআরটিএ কার্যালয়ের লাইসেন্স শাখায় আবেদনকারীদের অনেকেই জানান, তারা স্মার্ট লাইসেন্স পাচ্ছেন না। কাগজে দেওয়া লাইসেন্সে নতুন তারিখ নিয়ে ফিরছেন। সৌদি ড্রাইভিং ভিসায় যাওয়ার জন্য সিলেটের জকিগঞ্জ উপজেলার আব্দুল বাছিত ড্রাইভিং লাইসেন্সের জন্য এসেছেন। তিনি ২০১৯ সালের সেপ্টেম্বরে লার্নার ফরমের মাধ্যমে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের (পেশাদার চালক) আবেদন করেছিলেন। নির্ধারিত তারিখে ছবি ও ফিঙ্গার প্রিন্ট দিয়ে একটি অস্থায়ী ড্রাইভিং লাইসেন্সও পেয়েছিলেন। গত বছর ২৬ ডিসেম্বর স্মার্ট লাইসেন্স দেওয়ার সম্ভাব্য তারিখ ছিল। কিন্তু তা হয়নি। তিনি বলেন, ‘সৌদি আরব যাব ড্রাইভিং ভিসায়। ভিসার সব টাকা আমি পরিশোধ করেছি। কিন্তু আজও ড্রাইভিং লাইসেন্স পাইনি। ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে।
৭ মাসে প্রায় ৩৬ কোটি রাজস্ব আয়
২০১৯ সালের জুলাই হতে ২০২০ এর জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সেবা প্রদান বাবদ বিআরটিএ সিলেট সার্কেল রাজস্ব আদায় করেছে ৩৫ কোটি ৭৯ লাখ ৬৫ হাজার ৩৬৪ টাকা। সিলেট সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. সানা উল্লাহ বলেন, ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত ১ হাজার ৭৩৮ জন পেশাজীবী মোটরযান চালকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
