প্যারোলের বিষয়ে আইনি প্রক্রিয়া মেনে চলতে হবে :আইনমন্ত্রী

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:১৯

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্যারোলে মুক্তির বিষয়ে সুনির্দিষ্ট আইন আছে এবং সেখানে পরিষ্কারভাবে বলা আছে এ পদ্ধতিতে মুক্তির জন্য কোথায় কীভাবে দরখাস্ত করতে হবে। তিনি বলেন, প্যারোলে মুক্তির বিষয়টি প্রফেশনাল করতে গেলে আইনি প্রক্রিয়া মেনে চলতে হবে। তাই প্যারোলে মুক্তির দরখাস্ত এবং সব নিয়মকানুন মানার পরেই সরকার এ বিষয়ে চিন্তাভাবনা করতে পারে। যতক্ষণ পর্যন্ত দরখাস্ত বা এরকম কিছু পাওয়া না যাবে ততক্ষণ হাওয়ার ওপরে কথা বলার প্রয়োজন নেই।

গতকাল রবিবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশের নাগরিক সমাজ সংস্থাসমূহের জন্য প্রণীত আইনবিষয়ক ম্যানুয়ালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোল বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সুশীল সমাজ আইন ও বিচার ব্যবস্থার সংস্কারের জন্য রাষ্ট্রযন্ত্রকে প্রভাবিত করার ক্ষেত্রে বেশি সক্রিয় হয়ে থাকে। কখনো কখনো আমরা লক্ষ্য করি, বাংলাদেশের সুশীল সমাজের অনেকে কোনো না কোনো রাজনৈতিক দলের কিংবা আন্তর্জাতিক সংগঠনের সহযোগী হিসেবে রাজনৈতিক মঞ্চে এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডের বিপরীতে অবতীর্ণ হয় যা আমাদের সুশীল সমাজের গৌরবোজ্জ্বল অতীতকে পীড়া দেয়। এসব দুর্বলতা সত্ত্বেও বাংলাদেশের সুশীল সমাজ জনগণের অধিকার সংরক্ষণ এবং কল্যাণ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটিই আমাদের সবার কাম্য।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর নট-ফর-প্রফিট ল (আইসিএনএল) আয়োজিত এ অনুষ্ঠানে সমন্বয়ক ও সঞ্চালক ছিলেন শারমিন খান। এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার ও বাংলাদেশে ডিএফআইডির সিনিয়র গভার্নেন্স অ্যাডভাইজার ও গভার্নেন্স টিম লিডার আশলিন বেকার। অনুষ্ঠানের প্যানেল আলোচক ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আব্দুস সালাম ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য আরমা দত্ত।