স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদের নামে চক্রান্ত ও ষড়যন্ত্র করে পৃথিবীর অনেক দেশকে ধ্বংস করা হয়েছে। বাংলাদেশকেও ষড়যন্ত্র করে জঙ্গিবাদের মাধ্যমে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, আগে ঢাকা শহরকে মসজিদের শহর বলা হতো। আর এখন সারা বাংলাদেশই মসজিদের দেশে পরিণত হয়েছে। মানুষ শান্তিতে ধর্ম-কর্ম পালন করতে পারছেন। তিনি গতকাল রবিবার কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ইছাপশর বেলংকা গ্রামে জামিয়াতুল ইসলাহ আল-মাদানিয়া মাদ্রাসা ময়দানে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমার শেষ দিন আখেরি মোনাজাতের আগে এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদের কারণে আমরা একসময় চরম সংকটে ছিলাম। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। বিনাকারণে মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। বাংলাদেশসহ সারা বিশ্বের আলেম-ওলামারা জঙ্গিবাদের বিরুদ্ধে এগিয়ে এসেছিলেন বলেই আমরা জঙ্গিবাদ দমন করতে পেরেছিলাম। তবে এখনো ষড়যন্ত্র চলছে। তিনি জঙ্গিবাদসহ সকল অপশক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
আখেরি মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম ও খতিব মাওলানা ফরিদউদ্দীন মাসউদ। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশের স্বাধীনতা সংগ্রামে শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এ সময় ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী আয়োজিত ইসলাহী ইজতেমায় দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক মুসল্লি, ভক্ত-মুরিদান ও বরেণ্য উলামা-মাশায়েকরা অংশগ্রহণ করেন।
খালেদা জিয়া আবেদন করলে প্যারোল
বিষয়ে চিন্তা-ভাবনা করবে সরকার
এদিকে বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি আবেদন করেন, তাহলে সরকার তার প্যারোলে মুক্তির বিষয়টি বিবেচনা করে দেখবে। রবিবার কিশোরগঞ্জের তাড়াইলে তিন দিনব্যাপী ইসলামি ইজতেমায় প্রধান অতিথি হিসেবে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি আরো বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কারাবন্দি খালেদা জিয়ার চিকিত্সা সেবা নিশ্চিত করছে সরকার। তার পরিবার কিংবা দলের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে কোনো আবেদন করা হয়নি। আবেদন পেলে সরকার সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।
