নারী ও শিশু নির্যাতন মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি এক হাজতির বিয়ে হয়েছে। গত শনিবার কারাগারের অফিস কক্ষে তাদের বিয়ে হয়। বর গাজীপুরের শ্রীপুর উপজেলা চিনাশুখানিয়া এলাকার আব্দুল হকের ছেলে মো. স্বপন। উচ্চ আদালতের নির্দেশে দুই পক্ষের পরিবারের উপস্থিতিতে কারাগারে তাদের দুই জনের বিয়ে সম্পন্ন হয়।
জানা গেছে, গত প্রায় দুই বছর আগে শ্রীপুর উপজেলা চিনাশুখানিয়া এলাকার আব্দুল হকের ছেলে মো. স্বপন একই এলাকার এক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ঐ তরুণী গর্ভবতী হন। মো. স্বপন এসব অস্বীকার করেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উচ্চ আদালতের নির্দেশেই কারাগারের অফিস কক্ষে বিয়ের আয়োজন করা হয়। এ সময় বর ও কনের বাবা-মা, তাদের এক বছরের ছেলে ও পরিবারের আরো কয়েকজন উপস্থিত ছিলেন। স্থানীয় কাজী আশরাফুর আলম তাদের বিয়ে পড়ান। স্বপন ২০১৮ সালের ১৮ ডিসেম্বর থেকে কারাগারে বন্দি রয়েছেন।
