ভারতের নাগরিকত্ব আইন নিয়ে ফের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তার সরকার কোনও চাপের মুখে পিছু হটবে না। নাগরিকত্ব আইন বাস্তবায়ন করা হবেই। রবিবার উত্তর প্রদেশের বারাণসীতে এক অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন তিনি। মোদি বলেন, ‘বহু বছর ধরে দেশ সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার এবং সিএএ-এর মতো আইন চালু করার অপেক্ষায় ছিল। রাষ্ট্রের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল।’ এর পরই সিএএ বাস্তবায়ন নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।
রিকশাচালকের মেয়ের
বিয়েতে শুভেচ্ছা পত্র
এদিকে, উত্তর প্রদেশের শহর বেনারসের বাসিন্দা রিকশাচালক মঙ্গল কেওয়াত নিজের মেয়ের বিয়ে উপলক্ষে দাওয়াতের কার্ড পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মোদি বেনারস থেকে নির্বাচিত এমপিও। প্রধানমন্ত্রী সেই বিয়ের দাওয়াত রক্ষা করতে পারেননি বটে, তবে যা করেছেন, তাতেই বিস্মিত সবাই। মঙ্গলের মেয়ের বিয়েতে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এমন সৌজন্যমূলক আচরণে যারপরনাই বিস্মিত মঙ্গল ও তার পরিবার। -এনডিটিভি
