বড়দিনের জন্য উপহার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৭:১৫

 

আজ খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। এই দিনে খ্রিস্ট ধর্মাবলম্বীরা পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে থাকেন নানা ধরনের উপহার দিয়ে। বিভিন্ন ধরনের উপহারের বিস্তারিত তথ্য থাকছে এই আয়োজনে। লিখেছেন মাহমুদুল আমিন

খ্রিস্ট ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় উত্সব বড়দিনে নানাভাবে আনন্দ করে থাকেন। এদিনকে উত্সবমুখর করে তুলতে তারা একে অপরকে উপহার দিয়ে থাকেন। রাজধানীর বিভিন্ন উপহারের দোকানগুলোতে এ সময় পাওয়া যায় বড়দিনের চমত্কার সব উপহার। এছাড়া অন্যান্য উপহার সামগ্রী তো অবশ্যই পাওয়া যায়। রাজধানীর উল্লেখযোগ্য কিছু উপহারের দোকান হলো—হলমার্ক, আর্চিস গ্যালারি, ওয়ান টু নাইনটি নাইন গিফট শপ, গিফট কর্নার ইত্যাদি। প্রতিবারের মতো এ বছরও বড়দিনকে সামনে রেখে গিফটশপগুলো সেজেছে নতুন সাজে। নানা রকম নতুন নতুন উপহার সামগ্রীতে ভরে উঠেছে দোকানগুলো। বড়দিনের গিফটগুলো খুবই রুচিসম্মত এবং আকষর্ণীয়, তবে একটু ব্যয়বহুল। বড়দিনের উপহার হিসেবে অধিকাংশেরই প্রথম পছন্দ থাকে যিশুখ্রিস্টের বাঁধানো ছবি। বাঁধানো এসব ছবির দাম পড়বে ৬০০ থেকে ১০০০ টাকা। তবে, অর্ডার দিয়ে বাঁধাতে চাইলে খরচ পড়বে ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। বড়দিনের ঘণ্টার দাম পড়বে ৩৫০ টাকা। কোণ আকৃতির বল পাওয়া যাবে ৪০০ থেকে ৬০০ টাকায়। বড়দিনের আরেকটি আকর্ষণীয় উপহার হলো বিভিন্ন ধরনের মোমদানি। মোমদানির দাম পড়বে ১৫০ থেকে ২০০ টাকা। ক্রিসমাস ট্রি ডেকোরেশন পাওয়া যাবে ১০০ থেকে ১৫০ টাকায়। যিশুখ্রিস্টের ছোট ছোট মূর্তি পাওয়া যায় ৬০০ থেকে ১ হাজার টাকায়। এই মূর্তিগুলোর অধিকাংশই পিতলের তৈরি। বড়দিন উপলক্ষে বিশেষ জুয়েলারি বক্সও পাওয়া যায়। এই বক্সগুলোর দাম ১ হাজার ৫ শত থেকে ৪ হাজার টাকা পর্যন্ত। এসব উপহার একটু বেশি খরচ সাপেক্ষ। তবে কম দামেও কিছু গিফট আইটেম পাওয়া যায়। বিভিন্ন ধরনের কাচের শোপিস পাওয়া যায়। এসব কাচের শোপিসের মধ্যে রয়েছে জোড়া হাঁস ২৫০ থেকে ৮০০ টাকা, হাতি ৩০০ থেকে ৮০০ টাকা, ঘোড়া ৩৫০ থেকে ৭০০ টাকা। পিতলের তৈরি হাতি, ঘোড়ার শোপিস পাওয়া যাবে ৪০০ থেকে ৭৫০ টাকায়। উইন্ডচাইম পাওয়া যাবে ৫০০ থেকে ৭০০ টাকায়। ছবির অ্যালবাম ২০০ থেকে ৬০০ টাকা। বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যাবে ৫০০ থেকে ৪ হাজার টাকার মধ্যে। ভ্যানিটি ব্যাগের দাম পড়বে ৩০০ থেকে ২ হাজার টাকা। হাতঘড়ি পাওয়া যাবে ৩০০ থেকে ১ হাজার টাকার মধ্যে। ছোটদের উপহার দেওয়ার জন্য চমত্কার সব খেলনা পাওয়া যায় এসব গিফট শপে। খেলনার দাম পড়বে ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। ফুলদানি পাওয়া যাবে ২০০ থেকে ১ হাজার টাকায়। এছাড়া পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম। পারফিউমের দাম—গুচি ২ হাজার ৫ শত টাকা থেকে ৩ হাজার টাকা, কেনজো ২ হাজার থেকে ২ হাজার ৫ শত টাকা, হুগো বস ৩ হাজার ৫ শত টাকা, ডিভসি ২ হাজার ৫ শত থেকে ৩ হাজার টাকা। গিফট হিসেবে শুভেচ্ছা কার্ডের ব্যবহার বরাবরই সমাদৃত। বিভিন্ন ধরনের কার্ড পাওয়া যাবে পুরানা পল্টনের বেশ কয়েকটি দোকানে। উল্লেখযোগ্য কার্ড বিক্রেতা প্রতিষ্ঠান হচ্ছে আজাদ প্রোডাক্টস এবং আইডিয়াল প্রোডাক্টস। এছাড়া আর্চিস গ্যালারি এবং হলমার্কেও পাওয়া যাবে নানা ধরনের কার্ড। এছাড়া প্রিয়জনের জন্য উপহারে মিষ্টি স্বাদ ছড়িয়ে চকলেটের কদর বরাবরই একই রকম। তাই ক্রিস্টমাসের উপহারের তালিকায় চকলেটও অন্যতম আকর্ষণ। আর দেশি-বিদেশি নানা চকলেট নাগালে রয়েছে যার দাম রকমভেদে ভিন্ন হয়ে থাকে।