স্পেলিং বি’র ৫ম সিজনের উদ্বোধন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৬

দেশের জনপ্রিয় টেলিভিশন শো ‘স্পেলিং বি’র ৫ম সিজনের উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের বানান প্রতিযোগিতার এই আয়োজনটি সম্প্রতি রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্বোধন করা হয়। এবছর ‘ড্যান কেক স্পেলিং বি - এনলাইটেনড বাই দ্য ডেইলি স্টার, ব্রট টু ইউ বাই চ্যাম্পসটোয়েন্টিওয়ান ডটকম’ শীর্ষক প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ড্যান কেক। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানের মূল আয়োজক চ্যাম্পসটোয়েন্টিওয়ান ডটকম; সহযোগিতায় রয়েছে দ্য ডেইলি স্টার, সম্প্রচার অংশীদার চ্যানেল আই। প্রতিযোগিতাটি দেশব্যাপী অনুষ্ঠিত হবে। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার-এর সম্পাদক এবং প্রকাশক মাহফুজ আনাম, চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পান্ডুঘর গ্রুপের চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ, ড্যান ফুডস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ফিরোজ আহমেদ এবং চ্যাম্পসটোয়েন্টিওয়ান ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ। অনুষ্ঠানে সাংবাদিক সহ ১৫০টি স্কুলের প্রায় ২০০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। মাহফুজ আনাম বলেন, ‘স্পেলিং বি শুধুমাত্র একটি স্পেলার খোঁজার অনুষ্ঠান নয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা বানান শেখার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, চেতনার উন্মেষ ঘটানো, নিজেকে সর্বোচ্চভাবে তুলে ধরার সুযোগ পান’। ফিরোজ আহমেদ বলেন, ‘এই অসাধারণ উদ্যোগের অংশীদার হতে পেরে ড্যান কেক খুবই গর্বিত। আমরা প্রত্যাশা করি, আপনাদের শুভ কামনা এবং সহায়তার মাধ্যমে স্পেলিং বি সিজন ৫ সম্পূর্ণভাবে সফল হবে’। শাইখ সিরাজ বলেন, ‘আমি মনে করি এবারের আয়োজন আগের চেয়ে বেশি কার্যকরী হবে। আমাদের চোখের সামনেই তৈরি হবে জ্ঞান-গরিমায় সেরা নতুন এক প্রজন্ম, স্পেলিং বি থেকে পাওয়া অভিজ্ঞতার আলোকে শুধু বাংলাদেশে নয়, বিদেশেও নিজেদেরকে মেলে ধরতে পারবে’। রাসেল টি আহমেদ সবাইকে স্পেলিং বি’র নতুন আসরে স্বাগত জানান। বিগত ৪ আসরে ‘স্পেলিং বি’র সাফল্য এবং এ বছর প্রতিযোগিতার ধরন সম্পর্কে তিনি বিস্তারিত তুলে ধরে  বলেন, স্পেলিং বি শিক্ষার্থীদের পরিপূর্ণতা সহকারে তাদের নেতৃত্বগুণের বিকাশ ঘটায়। জানা যায়, প্রতিযোগিতাটি অনলাইন রাউন্ড, ডিভিশনাল রাউন্ড এবং টেলিভিশন রাউন্ড—এই তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। অনলাইন রাউন্ডে শিক্ষার্থীদের www.champs21.com এ নিবন্ধন করে অথবা গুগল প্লে-স্টোর (http://bit.ly/spellchamps) থেকে স্পেল চ্যাম্পস অ্যাপস ডাউনলোড করে গেমটি খেলতে পারবে। ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত গেমটি খেলা যাবে। অনলাইন রাউন্ড থেকে ডিভিশনাল রাউন্ডের জন্য নির্বাচিত করা হবে। সেখান থেকে দেশসেরা ৯৬ জন স্পেলার অংশ নেবে টেলিভিশন রাউন্ডে। প্রতিযোগিতার বিজয়ী চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি ৫ লাখ টাকার শিক্ষাবিমা ও একজন অভিভাবকসহ স্পেলিং বি’র পীঠস্থান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ঘুরে আসার সুযোগ পাবে।

রাসেল টি আহমেদের প্রত্যাশা, এ বছর অংশগ্রহণকারীর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যাবে। তিনি শিক্ষার্থীদের অনলাইনে গেমটি খেলার জন্য উত্সাহিত করেন।

টেলিভিশন রাউন্ডটি সম্প্রচার করবে চ্যানেল আই। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে ই-লার্নিং পোর্টাল www.champs21.com থেকে।