জাতীয় নাট্যোত্সবের মঞ্চে ‘ভাগের মানুষ’

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:১১

‘জঙ্গি অবক্ষয় দূর্নীতি, মানবে না এ সংস্কতি’ এই শ্লোগান নিয়ে দেশের ৬৪ জেলায় ১২ ফেব্রুয়ারি থেকে একযোগে শুরু হয়েছে ১৮ দিনব্যাপী ‘জাতীয় নাট্যোত্সব ২০২০’। এই উত্সবে ২৪ ফেব্রুয়ারি সোমবার সন্ধা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে সময় নাট্যদলের জনপ্রিয় নাটক ‘ভাগের মানুষ’। সেদিন নাটকটির ১৮৭তম প্রদর্শনী হবে। পাকিস্তানের লেখক সা’দত হাসান মান্টোর ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট নাট্যজন আলী যাকের। এটি ‘সময়’ এর ২৬তম প্রযোজনা। ১৯৯৭ সাল থেকে সময় দেশে ও দেশের বাইরে নাটকটির প্রদর্শণী করে আসছে।

এছাড়া, আগামী ২৮ ফেব্রুয়ারি অনির্বাণ থিয়েটার, দর্শনা আয়োজিত আট দিনব্যাপী ‘একুশে নাট্যমেলা’র সমাপনী দিন ‘ভাগের মানুষ’-এর একটি প্রদর্শনী হবে। পরের দিন সময় নাট্যদল কলকাতা রওনা হবে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত কলকাতার অনীক নাট্যদলের আয়োজনে শুরু হচ্ছে দ্বাবিংশ ‘গঙ্গা-যমুনা নাট্যোত্সব’। উত্সবে আগামী ১ মার্চ তপন থিয়েটার মঞ্চ, কালিঘাটে সময় নাট্যদল ‘ভাগের মানুষ’ নাটকের একটি প্রদর্শনী করবে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পাভেল ইসলাম, আকতারুজ্জামান, ইয়ামিন জুয়েল. রেজাউর রহমান রিজন, ফখরুল ইসলাম মিঠু, মাহমুদুল আলম, মানসুরা রশীদ লাভলী, তোফায়েল সরকার, সুনিতা বড়ুয়া, আলমগীর হোসেন, আনোয়ার, রুমা, সানী, চন্দন বোস, কবিতা প্রমুখ।