এই সময়ের ছড়া

ঝলমলে ফাল্গুন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৮

কাজী রাশিদা আন্ওয়ার

 

ফাল্গুন শুনশুন

ভোমরার গুনগুন

ডালিমের ডালটাতে ঝরছে রে লাল খুন

ফাল্গুন ফাল্গুন রঙ্গিন ফাল্গুন।

 

সবুজের মখমলে মোড়া যেন মাঠঘাট

ওই দূর বনে বনে পাখিদের কনসার্ট

চারদিকে ফুলে ফুলে রঙ্গের বসে হাট।

 

ঝোপঝাড়ে বেলোয়ারি বাতাসের ঠুনঠুন

ফাল্গুন ফাল্গুন মউ ঝরা ফাল্গুন।

 

তুলতুল ঘাসফুল

আড্ডাতে মশগুল

দূর্বার দোলনাতে

দুলছে রে দুলদুল।

 

ফিঙ্গে ও চন্দনা

গান জানে মন্দ না

টুনটুনি খঞ্জনা

বনটিয়া বুলবুল।

 

ঝিলে ঝিলমিল করি

নাচছে রে নীল পরী

তিরতির বায় তরি

বয় নদী কুলকুল।

 

আসমানে নীল নীল

জানলার খোল খিল

বনে বনে বর্ণিল

ফুলদের ফেস্টুন

ফাল্গুন ফাল্গুন ঝলমলে ফাল্গুন।