ইত্তেফাক রিপোর্ট
দেশের শিল্পখাতে অবদান রাখায় চলতি বছর থেকে প্রবর্তন করা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০’। সাতটি ক্যাটাগরিতে ২১টি প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হবে। ইতিমধ্যে পুরস্কারের জন্য সাতটি ক্যাটাগরিতে ১৯১টি আবেদন মন্ত্রণালয়ে জমা পড়েছে। এর মধ্যে বৃহত্ শিল্পে ৭১টি, মাঝারি শিল্পে ৪৭টি, ক্ষুদ্র শিল্পে ২৫টি, মাইক্রো শিল্পে ২১টি, হাইটেক শিল্পে ছয়টি, কুটির শিল্পে আটটি এবং হস্ত ও কারু শিল্পে ১৩টি আবেদন এসেছে। সাটটি ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ী হিসেবে এ পুরস্কার দেওয়া হবে। গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় এ তথ্য জানানো হয়। শিল্প সচিব মো. আবদুল হালিম এতে সভাপতিত্ব করেন।
সভায় শিল্প সচিব আবেদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে চূড়ান্তভাবে বিজয়ীদের মনোনীত করতে বিভিন্ন সংস্থা হতে প্রয়োজনীয় ছাড়পত্র সংগ্রহসহ এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রম দ্রুত সমাপ্ত করার জন্য নির্দেশনা দেওয়া হয়। উল্লেখ্য, মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে গৃহীত জাতীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত কার্যক্রম হিসেবে এ পুরস্কার প্রবর্তন করা হয়।
