হবিগঞ্জে সায়হাম গ্রুপের তৈরি পোশাক বিদেশে রপ্তানি হচ্ছে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৪

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে উন্নত ও আধুনিক প্রযুক্তিনির্ভর সায়হাম গ্রুপের তৈরি পোশাক বিদেশে রপ্তানি হচ্ছে। ১৯৮১ সালে হবিগঞ্জের নোয়াপাড়ায় ছয় একর জমিতে গড়ে উঠে সায়হাম টেক্সটাইল মিলস। সুতা তৈরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোশাক তৈরি হয় সেখানে। যা ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে। এ গ্রুপের অধীনে বর্তমানে ফয়সল স্পিনিং লিমেটেড মিলস, সায়হাম স্পিনিং মিলস, সায়হাম নিট কম্পোজিট, সায়হাম স্যুট, সায়হাম মেলাঞ্জ ও সায়হাম কটন মিলস নামক ছয়টি বৃহত্ শিল্পপ্রতিষ্ঠানে সুতা, কাপড় ও তৈরি পোশাক উত্পাদিত হচ্ছে। কারখানাগুলোতে প্রায় ১০ হাজার নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। গত রবিবার হবিগঞ্জের একদল সাংবাদিক সায়হাম গ্রুপের শিল্পপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শিল্পপতি সৈয়দ মো. ফয়সল।