হোটেল ও বেকারি মালিকদের প্রশিক্ষণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নবীনগরে নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে হোটেল ও বেকারি মালিকদের সোমবার দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামন মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক প্রমুখ।
মুজিববর্ষ উদ্যাপনে মতবিনিময় সভা
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে রবিবার সন্ধ্যায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের ইয়্যুথ ক্যাম্প নামে পরিচিত নাওডাঙ্গা ডি এস দাখিল মাদ্রাসার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমানের সভাপতিত্বে সভায় মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, আলতাফ হোসেন ব্যাপারী প্রমুখ বক্তব্য রাখেন।
নারী নির্যাতন প্রতিরোধ সমাবেশ
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা ঝিনাইগাতীর বনগাঁও জনতা উচ্চ বিদ্যালয়ে সোমবার নারী নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
থানা পুলিশের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মন্টুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার ওসি মো. আবু বকর সিদ্দিক। আরো বক্তব্য রাখেন বনগাঁও জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আনারুল্লাহ, সাধারণ সম্পাদক এ কে এম রেলায়েত হোসেন প্রমুখ।
প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোলে প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের মধ্যে সোমবার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষি প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে ৬টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৩৬০ জন চাষির মাঝে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি করে শীতকালীন এবং গ্রীষ্মকালীন মুগ ডালের বীজ বিতরণ করা হয়। এগুলো বিতরণ করেন কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরহাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জুলফিকার আলী প্রমুখ।
পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসমত দৌলা
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. হাসমত দৌলা। রবিবার পুঠিয়া তাজ কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তাকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয়। তিনি পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। এতে পদটি শূন্য হয়। উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মেরাজ উদ্দিন মোল্লা।
ইকো পার্কের ইজারা প্রদান
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনীতে সোমবার ইকো পার্কের ইজারা দেওয়া হয়েছে। গাংনীর ভাটপাড়া নীলকুঠি জেলা প্রশাসক ইকো পার্কের কিডস জোন, পার্কিং জোন, ফল মহাল, মেডিসিন গার্ডেন, টয়লেট, খাসপুকুর ও পিকনিক কর্নার ১০ মাসের জন্য অর্থাত্ ১ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশ্য ইজারা ডাকের মাধ্যমে আগ্রহী ব্যবসায়ী/ইজারাদারদের কাছে ইজারা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রকাশ্যে নিলাম ডাকের মাধ্যমে ইজারা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের উপস্থিতিতে ইজারা প্রদানকারী কমিটির সদস্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানূর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
শিশুশ্রম বন্ধে প্রতিবাদ শোভাযাত্রা
সিংড়া (নাটোর) সংবাদদাতা শিশুশ্রম বন্ধে সিংড়ার পুঠিমারী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে সোমবার প্রতিবাদ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা পুঠিমারী উচ্চবিদ্যালয় থেকে শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন পুঠিমারী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক গনেশ চন্দ্র সাহা, সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন সিংড়া মডেল প্রেসক্লাবের সহসভাপতি খলিল মাহমুদ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রবিন খান প্রমুখ।
চান্দিনা ভিটির ইজারা নবায়ন কর্মসূচি শুরু
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা বাগেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া বাজারে সোমবার সরকারি খাস জমির হাটবাজার চান্দিনা ভিটির ইজারা নবায়ন শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম উজ্জল, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান মো. বশিরউদ্দিন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. আখতারুজ্জামান প্রমুখ।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা
তানোর (রাজশাহী) সংবাদদাতা তানোরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সোমবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল নবী বাবু চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব, তানোর থানার ওসি রাকিবুল হাসান প্রমুখ।
বঙ্গবন্ধুর বাড়ি যাওয়ার নৌরুটের খননকাজ পরিদর্শন
গোপালগঞ্জ প্রতিনিধি পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী এ এম আমিনুল হক গোপালগঞ্জ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া যাওয়ার নৌরুটের খননকাজ পরিদর্শন করেছেন। সোমবার তিনি ১৭ কিলোমিটার দীর্ঘ এই খালের খননকাজ পরিদর্শন ও কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের পূর্ব রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক মহম্মদ আলী, পশ্চিমাঞ্চলের ফরিদপুরের প্রধান প্রকৌশলী এ কে এম ওয়াহিদউদ্দিন চৌধুরী, চিফ মনিটরিং কাজী তোফায়েল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ
ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা ধোবাউড়া থানা পুলিশের আয়োজনে সোমবার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোয়াতলা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ধোবাউড়া থানার ওসি আলী আহম্মেদ মোল্লা। আরো বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল হোসেন খান, ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজ আলম তুরান প্রমুখ।
ইলেকট্রিক টেকনিশিয়ানদের প্রশিক্ষণ কর্মশালা
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার বিভিন্ন উপজেলায় কর্মরত ইলেকট্রিশিয়ানদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার। সুপারস্টার ব্লিংক এক্সেসরিজ এর আয়োজনে দুর্গাপুর পৌর শহরের ডিএসকে মাতৃসদন ও ল্যাবরেটরির হল রুমের দ্বিতীয় তলায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সুপারস্টার ব্লিংক এক্সেসরিজ এর পরিবেশক মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক ধ্রুব সরকার, রাসেল আহম্মেদ প্রমুখ।
০
