সিলেটই জিম্বাবুয়ের প্রেরণা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৩

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

স্পোর্টস রিপোর্টার

গত বছর নভেম্বরের ঘটনা। তখনো আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারেনি বাংলাদেশ। তার আগেই বাংলাদেশের আত্মবিশ্বাসে প্রবল একটা ধাক্কা দিয়েছিল নির্বাসন কাটিয়ে ফেরা জিম্বাবুয়ে।

সিলেটে বাংলাদেশকে ১৫১ রানে হারিয়েছিল তারা সিরিজের প্রথম টেস্টে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে পরের টেস্ট জিতেছিল বাংলাদেশ। কিন্তু তারপর থেকে টানা পরাজয়ে এখন যাচ্ছেতাই অবস্থা স্বাগতিকদের। এই অবস্থায় জিম্বাবুয়ে অন্য দিকে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ পারফরম করে এসেছে বাংলাদেশে। ফলে তারা এই দলটির বিপক্ষে আরেকটি জয়ের সন্ধানে আছে। আর দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান রেগিস চাকাভা গতকাল সোমবার মিরপুরে জানালেন, তারা সেই জয়ের জন্য সিলেটের পারফরম্যান্সই আবার করতে চান।

সিলেটে বাংলাদেশকে ঠিক কীভাবে তারা হারিয়েছিলেন, সেটাই নিজেকে ফিরে দেখা উচিত বলে মনে করেন চাকাভা। আর সেটা করতে পারলে আবার জয় পাওয়া সম্ভব বলে তিনি মনে করেন, ‘আমরা বাংলাদেশে গতবার যে টেস্টটা জিতেছিলাম (সিলেটে) সেটার দিকে ফিরে দেখা উচিত। আমাদের নিজেদের ভাবা উচিত, আমরা কীভাবে খেলেছিলাম এবং কীভাবে ঐ বিজয়টা অর্জন করেছিলাম। আমাদের ঐ পারফরম্যান্সটা আবার করতে হবে। দেশের বাইরে ক্রিকেট খেলার জন্য বাংলাদেশ কঠিন একটা জায়গা। আমাদের এটা নিশ্চিত করতে হবে, আমরা যেনো আবার সঠিক কাজটা করতে পারি। আর আশা করি সেটা করতে পারলে ফলাফল আমাদের পক্ষে আসবে।’

বাংলাদেশ অবশ্য টানা হারের বৃত্ত থেকে বের হতে দলে বেশ কিছু পরিবর্তন এনেছে। কিন্তু চাকাভা বলছেন, এসব পরিবর্তন নিয়ে তারা ভাবছেন না। তারা নিজেদের নিয়েই ভাবছেন, ‘বাংলাদেশ সবসময়ই খুব প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ একটা দল। তবে আমরা আসলে বাংলাদেশের স্কোয়াডের দিকে তাকানোর বদলে নিজেদের পারফরম্যান্স কীভাবে ভালো করা যায়, সেটাতেই মনোযোগ দিতে চাচ্ছি। আমরা আমাদের শক্তি নিয়ে ভাবছি। আর মাঠে কীভাবে ভালো পারফরম করা যায়, সেগুলো নিয়ে চিন্তা করছি।’

আগের দিন অধিনায়ক ক্রেইগ আরভিন বলেছেন, সাকিব না থাকাটা তাদের জন্য ভালো হয়েছে। গতকাল চাকাভা বললেন, সাকিব না থাকলেও অনেক যোগ্য খেলোয়াড় আছেন বাংলাদেশ দলে, ‘সাকিব অনেক বড়ো একজন খেলোয়াড়। তবে আমরা সর্বশেষ এখানে যখন খেলে গেছি, তারপর থেকে বাংলাদেশ দলে অনেক খেলোয়াড়ই খেলেছে। সাকিবকে ছাড়াও বাংলাদেশ দল ভালো লড়াই করেছে। ফলে আমাদেরকে ওদের সেরা স্পিনারদের বিপক্ষে লড়াই করতেই হবে। এটা অনেক বড়ো চ্যালেঞ্জ। তবে আশা করি, আমরা আবার ভালো পারফরম করতে পারব।’