অসম্ভবকে সম্ভব করে গর্বিত মরগ্যানরা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৪

স্পোর্টস ডেস্ক

সিরিজ নির্ধারণী ম্যাচে রানের বন্যা দেখা গেল সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে। আর সেখানে দক্ষিণ আফ্রিকার করা ২২২ রানের জবাবে পাঁচ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী ইংল্যান্ড দল। রোববার রাতে পাঁচ উইকেটের জয় নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতে দলটি।

দারুণ এই ম্যাচ শেষে উচ্ছ্বসিত ছিলেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান। তিনি বলেন, ‘কি অসাধারণ একটা ম্যাচ। এখানে দুই দলকেই সমান কৃতিত্ব দিতে হবে। এমন উইকেটে বোলিং করা কারো জন্যই সহজ ছিল না। সব মিলিয়ে সিরিজটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। আমি মনে করি, এই সিরিজে কাগজে-কলমে আমাদের জয় হলেও আসলে জিতে গেছে ক্রিকেট।’

ম্যাচ ও সিরিজ—দুটোতেই সেরার পুরস্কার পান মরগ্যান। সাত ছক্কায় হাফ সেঞ্চুরি ছুঁয়ে সিরিজ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন ইংলিশ অধিনায়ক। ২১ বলে ৫০ ছুঁয়ে ইংল্যান্ডের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করলেন মরগ্যান।  নিজের রেকর্ডটাই আবারও স্পর্শ করলেন তিনি। গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১ বলে পঞ্চাশ ছুঁয়ে রেকর্ড গড়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। অধিনায়ক বলেন, ‘দলের হয়ে পারফরম করতে পারাটা আনন্দের ব্যাপার। অধিনায়ক হিসেবে দায়িত্বটাও আমার বেশি। সেটা করতে পেরেছি, তাই সিরিজটার কথা মনে রাখব। প্রতিটা মুহূর্ত এই সফরের আমাদের জন্য আনন্দদায়ক ছিল।’