স্পোর্টস ডেস্ক
ওয়ানডে ক্রিকেটের অধিনায়কের পদ তিনি আগেই হারিয়েছেন। এবার ফাফ ডু প্লেসিস সরে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ও টেস্টের অধিনায়কত্ব থেকে। কারণ, তিনি মনে করেন এখনই তরুণ প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সঠিক সময়।
গতকাল সোমবার ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) দেওয়া এক বিবৃতিতে সদ্য সাবেক হওয়া এই অধিনায়ক বলেন, ‘জাতীয় দলকে তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়াটা অত্যন্ত সম্মানের ও মর্যাদার। নতুন এক যুগে প্রবেশ করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট। দলে নতুন অধিনায়ক, নতুন মুখ এসেছে। আমি মনে করি, দলের বৃহত্তর স্বার্থেই সব ফরম্যাটের দায়িত্ব ছেড়ে দেওয়াটা জরুরি ছিল। এটা অবশ্যই আমার জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত ছিল। তবে, আমি কুইন্টন (ডি কক), মার্কের (বাউচার) পাশে থাকতে প্রস্তুত।’ গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই প্রত্যাশিত ফর্মে নেই দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক হিসেবে এর দায় ডু প্লেসিসের ওপরও বর্তায়। তাকে সরিয়ে অধিনায়ক করা হয় ২৭ বছর বয়সি কুইন্টন ডি কককে। এই মাসের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেন ডি কক। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ভাবা হচ্ছিল দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে। তখনই ফিসফাস ছিল, নেতা হিসেবে ডু প্লেসিস যুগের ইতি ঘটতে চলেছে, এবার সত্যি হলো সেটাই। নিজে থেকেই সরে দাঁড়ালেন ৩৫ বছর বয়সি এই ক্রিকেটার।
যদিও, খেলোয়াড় হিসেবে এখনই নিজের শেষ মানছেন না তিনি। বললেন, ‘খেলোয়াড় হিসেবে আমি তিন ফরম্যাটেই খেলে যেতে চাই।
