বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় বিশ্বকাপের চেয়েও বড়ো অর্জন বলে মন্তব্য করলেন ভারতের টেস্ট ব্যাটিং লাইন আপে অন্যতম ভরসা চেতেশ্বর পূজারা। এক সাক্ষাত্কারে পূজারা বলেন, ‘বিশ্বকাপের চেয়েও বড়ো অর্জন টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়। কারণ এটাই সর্বোচ্চ জায়গা। টেস্ট হলো—ক্রিকেটের আসল ফরম্যাট। অতীতের যে কোনো কিংবদন্তি ক্রিকেটার, বর্তমানের সেরা খেলোয়াড়দের টেস্ট নিয়ে জিগ্যেস করলেই বুঝা যাবে। সবাই বলবে, ক্রিকেটে টেস্টই সবচেয়ে চ্যালেঞ্জের। আর এ ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারলে তো কথাই নেই।’ বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজেকে আরো ভালোভাবে মেলে ধরতে চান পূজারা। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের মাটিতে খেলাটা সব সময়ই চ্যালেঞ্জের। এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা অনেক কঠিন। তার পরও এবারের সিরিজটি অন্যরকম আবহ তৈরি করেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। তাই এই সিরিজ আমাদের কাছে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। এজন্য সবাই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।’
