বিদেশিদের ছাপিয়ে দেশি স্ট্রাইকারের গোল

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৪

সাইফ স্পোর্টিং ১ মোহামেডান ০

শেখ মহিউদ্দিন আহাম্মদ, ময়মনসিংহ প্রতিনিধি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে ছয় ম্যাচে হওয়া ৯ গোলই এসেছিল বিদেশির কাছ থেকে। দেশিদের গোলখরা কাটল দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচেই। অবশ্য কোনো স্ট্রাইকার বা মিডফিল্ডার গোল পাননি। মোহামেডানের বিপক্ষে গোল করেছেন ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। ঐ গোলে সাইফ স্পোর্টিং নিজেদের দ্বিতীয় ম্যাচেও পেয়েছে ১-০ ব্যবধানের জয়।

ময়মনসিংহের ম্যাচের আগে প্রিমিয়ার ফুটবল লিগের ছয় ম্যাচ হয়ে গেছে। ছয় ম্যাচে গোল হয়েছে ৯টা। এই ৯ গোলের সবকয়টি বিদেশিদের। ফুটবলে বিদেশি খেলোয়াড় কমানোর কথা বলা হয়। কিন্তু কোনো ক্লাব কখনোই বলে না বিদেশি কমাও। বিদেশি ফুটবলারদের আধিক্যের কারণে নেতিবাচক প্রভাব পড়ে জাতীয় দলে। তার পরও কি জাতীয় দলের স্ট্রাইকাররা নিজেদের জায়গাটা দখলে নিতে পেরেছেন। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে স্ট্রাইকাররা ব্যর্থ, এএফসি কাপে আবাহনীর স্ট্রাইকাররাও ব্যর্থ। শুরু হওয়ার প্রিমিয়ার লিগে দর্শক অপেক্ষায় ছিলেন দেশি স্ট্রাইকারদের ক্ষুরধার পারফরম্যান্স দেখবেন। লিগের শুরুতে প্রথম ছয় ম্যাচে ৯ গোলের বিদেশি মালিকদের পর অবশেষে দেশি গোলদাতার নাম শোনা গেল ময়মনসিংহের মাঠে।

গতকাল বিকালে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে সাইফ স্পোর্টিংয়ের জার্সি গায়ে ৫৫ মিনিটে একমাত্র গোলটি করেছেন ইয়াসিন আরাফাত। ফ্রিকিক থেকে উড়ে আসা বলে হেডে জাতীয় দলের ফুটবলার ইয়াসিন আরাফাত গোল করেন।

দ্বিতীয় জয়ে সাইফ স্পোর্টিং উঠে গেছে পয়েন্ট টেবিলের সবার ওপরে। লিগে নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জকে ঘরের মাঠেই ১-০ গোলে হারিয়েছিল সাইফ। মোহামেডানও আরামবাগকে একই ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছিল ময়মনসিংহ। কিন্তু জয়ের হাসি নিয়ে ফিরতে পারল না। দ্বিতীয় ম্যাচেই হার।

সাইফ স্পোর্টিং ক্লাব দুই ম্যাচে জয় পেলেও ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচের সাইফকে পরের ম্যাচেই দিতে হবে কঠিন পরীক্ষা। ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের এই মাঠে তাদের সাইফের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। আর মোহামেডান তাদের পরের ম্যাচ খেলতে যাবে সিলেটে, ২৪ ফেব্রুয়ারি শেখ রাসেলের বিপক্ষে।

আজকের খেলা :মুক্তিযোদ্ধা ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব (৩টা ১৫, শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, গোপালগঞ্জ)। চট্টগ্রাম আবাহনী ও আরামবাগ (এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম)।