পয়েন্ট খোয়াল রিয়াল

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৫

শীর্ষে ফিরল জুভেন্তাস-বায়ার্ন

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেও লা লিগার শীর্ষেই আছে। তবে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ জিনেদিন জিদান জানালেন, ভালো খেলেও পয়েন্ট খোয়ানোটা কষ্টকর। তবে রিয়ালের পয়েন্ট হারানোর দিনে জুভেন্তাস আর বায়ার্ন মিউনিখ নিজ নিজ লিগে জয় নিয়ে শীর্ষে উঠে এসেছে।

রবিবার রাতে ফিওদর স্মলভের গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া রিয়াল সমতা ফেরায় ৫২ মিনিটে। গোলটি করেন টনি ক্রুস। ৬৩ মিনিটে সার্জিও রামোসের পেনাল্টি থেকে এগিয়েই যায় রিয়াল। তবে ৮৫ মিনিটে দেনিস সুয়ারেজের পাস থেকে সান্তি মিনার গোল স্তব্ধ করে দেয় সান্তিয়াগো বার্নাব্যুকে। ফলে ছয় ম্যাচ পর আবারও ড্রয়ে বাধ্য হয় রিয়াল। এ ড্রয়ের পরও অবশ্য খুব একটা ক্ষতি হচ্ছে না রিয়ালের। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে বার্সার চেয়ে এক পয়েন্টে এগিয়েই শীর্ষে আছেন সার্জিও রামোসরা।

তবে শীর্ষ থাকলেও মন ভরছে না কোচ জিদানের। ভালো খেলেও দলের পয়েন্ট খোয়ানো পোড়াচ্ছে তাকে। ম্যাচপরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ঘরের মাঠে দুটো পয়েন্ট হারানো কষ্টদায়ক। সেল্টা ভালো দল যাদের পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা মানায় না। কিন্তু আমরা যে দারুণ কাজ করেছি তারপর দুটো পয়েন্ট হারানো আরো কষ্ট দেয়।’

এদিকে জুভেন্তাস নিজেদের মাঠে পাওলো দিবালা আর হুয়ান কুয়াদ্রাদোর গোলে ব্রেসিয়াকে হারায় ২-০ গোলে। দিনের শেষ ম্যাচে ইন্টার মিলান ল্যাজিওর কাছে ২-১ গোলে হারলে শীর্ষস্থানও ফিরে পান ক্রিশ্চিয়ানো রোনালদোরা। বুন্ডেসলিগায় বায়ার্ন মিউনিখও রবার্ট লেভান্ডোভস্কি, কিংসলে কোম্যানের লক্ষ্যভেদ আর সের্জ নাব্রির জোড়াগোলে কোলনকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষে উঠে এসেছে। আগের দিন লিগের দ্বিতীয় স্থানে থাকা রেডবুল লিপজিগ ৩-০ গোলে ভের্ডার ব্রেমেনকে হারানোয় একদিনের জন্য শীর্ষস্থান খুইয়েছিল বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা।