ম্যাচের বয়স তখন ৬৯ মিনিট। প্রতিপক্ষ ভিতোরিয়া গুইমারায়েসের মাঠে দলের জয়সূচক গোলটি করার ঠিক ৯ মিনিট পর পোর্তো ফরোয়ার্ড মুসা মারেগা ডাগ আউটের পথ ধরলে সতীর্থরা তাকে ফেরানোর একটা চেষ্টা করলেন। তা উপেক্ষা করেই মুসা দর্শকদের দিকে মধ্যমাঙ্গুলি দেখিয়ে চলে গেলেন সাইডলাইনে। কারণ? দর্শকদের বর্ণবাদী আচরণ। পরে অবশ্য তার বদলে অন্য খেলোয়াড়ই নামাতে হয় পোর্তো কোচকে। দর্শকদের বর্ণবাদী আচরণের শিকার হওয়ার পর দলকে পাশেই পাচ্ছেন মুসা। কোচ সের্জিও কনসিকাও বললেন, ‘জাতীয়তা, বর্ণ, চুলের রঙের ঊর্ধ্বে গিয়ে আমরা একটা পরিবার। আমরা মানুষ, সম্মান আমাদের প্রাপ্য। এখানে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক।’ সতীর্থ ইকার ক্যাসিয়াসও সামাজিক মাধ্যমে পোস্ট করে সহমর্মিতা প্রকাশ করেছেন মুসার প্রতি।
