স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
দীর্ঘ তিন বছর পর হোম ভেন্যু এম এ আজিজ স্টেডিয়ামে আবারও খেলতে নামছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দল চট্টগ্রাম আবাহনী। প্রতিপক্ষ হচ্ছে ঢাকার আরামবাগ ক্রীড়া সংঘ। সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু।
দুই দলই গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে। প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীর মিশন শুরু হয়েছে ২-০ গোলের জয় দিয়ে। আরামবাগের শুরু হার দিয়ে। গতকাল অনুশীলন শেষে চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার ও সাবেক জাতীয় তারকা আরমান আজিজ জানালেন, প্রস্তুতি বেশ ভালো হয়েছে। হোম ভেন্যুতে খারাপ খেলবে না চট্টগ্রাম আবাহনী। ঢাকায় শুরুটা যখন ভালো হয়েছে, চট্টগ্রামেও তার ধারাবাহিকতা থাকবে। মাঠ নিয়ে কোচ মারুফুল হক সন্তুষ্ট না। মাঠের মধ্যখানে ক্রিকেটের পিচ। জুনে বাংলাদেশে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর রয়েছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে মূল ভেন্যু রেখে এম এ আজিজ স্টেডিয়ামকে বিকল্প ভেন্যু হিসেবে রেখেছে বিসিবি। তাই উইকেট প্রস্তুত করে রাখার কথা জানালেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। তিনি বলেন, ‘এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার কোনো হাত নেই।’
