আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। এ কারণে দেশ জঙ্গিমুক্ত হয়েছে, আলোকিত বাংলাদেশ গড়ে উঠেছে। রাস্তাঘাট, অবকাঠামোসহ সামগ্রিক উন্নয়ন হয়েছে। এক নেতা এক নীতির কারণে দেশে উন্নয়নের যে জোয়ার সৃষ্টি হয়েছে, তা অব্যাহত রাখার জন্য তিনি জনপ্রতিনিধিসহ সরকারের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
গতকাল সোমবার দুপুরে কাজীপুরে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করার সুযোগ পেয়ে জাতি গর্বিত। মুজিব জন্মশতবার্ষিকী অনেকের জীবনে আর কোনো দিন আসেনি, আর আসবেও না। মুজিব জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে। গোটা জাতি ১৭ মার্চ থেকে নানা আয়োজনের মধ্যে জন্মশতবার্ষিকীর নানা কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, গণতন্ত্রের অভিযাত্রায় অনেক চরাই-উতরাই পেরিয়ে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ১২ বছর দেশ পরিচালনা করে দেশকে উন্নয়নের রোল মডেলে দাঁড় করিয়েছে। এর অংশীদার সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরাও।
কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে তার নির্বাচনি এলাকার সমস্যা ও উন্নয়ন বিষয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। অন্যান্যের মধ্যে উপস্থিত সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম হুমায়ুন কবীর, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তারিকুল ইসলাম, পানি উন্নয়ন বিভাগের উপপ্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম, কাজিপুর পৌর মেয়র হাজি নিজাম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
