বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। রবিবার ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুর-রামগোপাল-পুর সড়কের বাহাদুরপুরে গতকাল ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মোজাম্মেল হক (৩৫) নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। তিনি ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের বাসিন্দা।
চট্টগ্রাম :চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল-য়ের (চুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী তাহমিদ চৌধুরীর চিকিত্সাধীন অবস্থায় গতকাল মৃত্যু হয়েছে। শনিবার লিচুবাগানে ট্রাক-সিএনজির সংঘর্ষে গুরুতর আহত হন তাহমিদ।সাভার :ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় গতকাল পাথরবোঝাই ট্রাক চাপায় আব্দুর রশিদ (৩৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। রশিদ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার সুকথা গ্রামের বাসিন্দা।
রাজবাড়ী :কালুখালীর সোনাপুর-মাজবাড়ী সড়কে গতকাল মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক মো. হানিফ (৩৮) নিহত হয়েছেন। হানিফ বরিশাল জেলার গৌরনদী উপজেলার গ্যারাকুল হাসুকাঠি গ্রামের বাসিন্দা।
তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরা-খুলনা সড়কের তালা উপজেলার বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গতকাল ট্রাক চাপায় পাটকেলঘাটা ডাচবাংলা ফাস্ট ট্র্যাকের এডিসি ম্যানেজার সামসুর রহমান সানা (৪০) নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের বাসিন্দা।
ফরিদপুর :সদরপুর-তারাইল আঞ্চলিক মহাসড়কের নয়রশি জরিনার কুপপাড় ব্রিজে গতকাল মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে মো. তারেক ব্যাপারী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। তারেক সদরপুরের নয়রশি গ্রামের সিরাজ ব্যাপারীর ছেলে ও সদরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
বড়াইগ্রাম (নাটোর) :বনপাড়া-গুনাইহাটি ফিডার সড়কে রবিবার থ্রি হুইলারের চাপায় প্রেসী রোজারিও (৫) নামে এক শিশু নিহত হয়েছে। প্রেসী গুনাইহাটি মহল্লার প্রকাশ রোজারিওর মেয়ে।
সখীপুর (টাঙ্গাইল) :সখীপুর-গোপীনপুর সড়কের মহানন্দপুর বাজারে ইটবোঝাই পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গতকাল রমিজ উদ্দিন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রমিজ টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি গ্রামের বাসিন্দা।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) :চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট ইউনিয়নের পুখুরিয়া পেট্রোলপাম্প এলাকায় গতকাল দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার জন আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন।
ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু
স্টাফ রিপোর্টার, রাজশাহী :মহানগরীর বহরমপুরে অরক্ষিত রেলক্রসিং এলাকায় রবিবার রাতে সরোয়ার জাহান প্রিন্স (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। প্রিন্স মতিহার থানার কাজলার আনোয়ারুল ইসলামের ছেলে এবং চাঁপাইনবাবগঞ্জের একটি বেসরকারি পলিটেকনিক্যালের ছাত্র।
