করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে আতঙ্কের কারণে প্রকাশ্যে জন্মদিন উদ্যাপনের অনুষ্ঠান বাতিল করেছেন জাপানের নতুন সম্রাট নারুহিতো। গতকাল সোমবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। প্রাসাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন পরিস্থিতির কারণে সাধারণ জনতার সমাগমের মাধ্যমে আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সম্রাটের জন্মদিন উদ্যাপনের অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর সম্রাট হিসেবে অভিষিক্ত হওয়ার পর এটিই প্রথম জন্মদিন ছিল নারুহিতোর। রবিবার জাপান সরকার এক বিবৃতিতে সবাইকে সতর্ক করে জরুরি প্রয়োজন ছাড়া লোক সমাগম এড়ানোর আহ্বান জানায়। এদিকে জাপানে এ পর্যন্ত নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৬০ জন। এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতেই সরকারের পক্ষ থেকে ঐ সতর্ক বার্তা দেওয়া হয়। এর আগে ১৯৯৬ সালে সর্বশেষ জাপানের সম্রাটের জন্মদিনের অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। যখন পেরুতে জাপান দূতাবাসে জন্মদিনের একটি অনুষ্ঠানে লোকদের জিম্মি করা হয়েছিল।
