ভোট নয়, সরকারের প্রয়োজন নিশিরাত ও আইনশৃঙ্খলা বাহিনী ----------------- রিজভী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:২১

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতের কাছে মাথা বিক্রি করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই ভোটারদের ভোট দেওয়া নিয়ে তাচ্ছিল্য করেছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের জনগণ পরাধীন হয়ে যায়। শনিবার প্রধানমন্ত্রী বলেছেন- কে ভোট দিল, কে দিল না তা বিবেচনা করে না আওয়ামী লীগ। এই বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা প্রকাশ্যেই স্বীকার করে নিলেন, তার প্রধানমন্ত্রী হওয়ার জন্য কিংবা সরকার গঠনের জন্য দেশের জনগণ কিংবা জনগণের ভোটের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় নিশিরাত আর আইনশৃঙ্খলা বাহিনী। জনগণের প্রতি, জনগণের ভোটাধিকারের প্রতি এমন অবজ্ঞা ও তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য একমাত্র সরকার প্রধান এবং তার দল আওয়ামী লীগের পক্ষেই সম্ভব।

গতকাল সোমবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন,আওয়ামী লীগের ভোট দরকার নেই; তাদের নিজেদের প্রয়োজনে ইভিএম ব্যবহার করে ভোটাধিকার হরণের বন্দোবস্ত করেছে। সিইসি রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দিচ্ছেন। জনগণের ভোটাধিকার হরণ করে হকার, পকেটমারদের মতোই কাজ করেছেন সিইসি।

খালেদা জিয়ার প্যারোলের আবেদন ও পরিবারের দেওয়া চিঠির বিষয়ে সম্পূর্ণভাবে অবগত নন জানিয়ে রিজভী বলেন, যখন জানতে পারব তখন অবশ্যই আপনাদের জানাব।