মানিকগঞ্জে বিজিবি সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:২২

মানিকগঞ্জের সাটুরিয়ায় যুথি আক্তার (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বালিয়াটি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুথি আক্তার ঐ গ্রামের ওয়াছেল মিয়ার স্ত্রী। ওয়াছেল মিয়া বাংলাদেশ বর্ডার গার্ডে (বিজিবি) কর্মরত। মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত যুথির মা বাদী হয়ে যুথির শাশুড়ি মাজেদা বেগম এবং অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা দায়ের করলে ঘটনাস্থল থেকে মাজেদা বেগমকে আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে বালিয়াটি গ্রামের পিয়ার আলীর ছেলে ওয়াছেলের সঙ্গে যুথির পারিবারিকভাবে বিয়ে হয়। যুথির বাবারবাড়ি পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার নাগরপুর গ্রামে। যুথির স্বামী কর্মস্থলে থাকার সুবাদে ঐ বাড়িতে শ্বশুর-শাশুড়ির সঙ্গেই থাকতেন। সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান মিঞা জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুথির ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এটি হত্যা না আত্মহত্যা সেটি ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পরই জানা যাবে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, যুথি ও তার স্বামীর মধ্যে কোনো কলহ ছিল না। কিন্তু যুথির শাশুড়ি তাকে মাঝে মধ্যেই শারীরিক নির্যাতন করতেন।