বসন্ত উত্সবে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৪

ইসরাত জাহান

                                                                            

পাতাঝরা শীতকে বিদায় দিয়ে প্রকৃতি সেজেছে নতুন রুপে। গাছে গাছে শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়া জানান দেয় বসন্তের আগমনী বার্তা। বসন্তদূত কোকিলের কণ্ঠে গাওয়া অবিরাম কুহুকুহু ডাক সকলের কানে কানে বলে যায় আজি বসন্ত। হলদে শাড়ি আর খোপায় গাঁধাফুল গুঁজে তরুণীরা ব্যস্ত ফুলে ফুলে রঙিন বসন্তকে বরণ করতে। তাদের দেখে যেন মনে হয়, আজ কোনো অজানা হলুদে কন্যার গায়ে হলুদ।

বসন্তের উত্সবে সবার সঙ্গে মেতেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন  দিনব্যাপী বসন্তবরণ উত্সব ১৪২৬ এর জমকালো আয়োজনের  মাধ্যমে দিনটিকে রঙিন করে রেখেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাসের মুক্তমঞ্চে শুরু হয় বসন্তবরণের পালা। সাংস্কৃতিক সন্ধ্যায় কবিতা আবৃত্তি, নাচ  ও ফাল্গুনের গানে মঞ্চ মাতিয়ে রাখে সংগঠনটি। এর আগে দুই দিনব্যাপী ক্যাম্পাসের ব্যাডমিন্টন মাঠে আয়োজন করা হয় বসন্তমেলার। যেখানে শিক্ষার্থীদের তৈরি নানা জিনিসপত্রের দোকান বসে। 

কথা হয় বসন্তবরণ উত্সবে আসা পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল কাউসার রুমকির সঙ্গে। বসন্ত সবার উত্সব। বসন্ত ঋতুর প্রথম দিনে এমন মনোমুগ্ধকর পরিবেশনা শীতের জীর্ণতাকে মুহূর্তেই ভুলিয়ে দেয়। প্রতিটি মানুষের উচিত নতুন রুপে সজ্জিত প্রকৃতিকে সানন্দে বরণ করে নেওয়া।

প্রতিবছর ক্যাম্পাসে বসন্তবরণ উত্সবের আয়োজন করে থাকে সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন। সংগঠনটির সাধারণ সম্পাদক ফয়সাল হাসানের ভাষায়, ‘আমাদের আনন্দ সবার সঙ্গে বসন্তের উত্সব ভাগ করার মাঝে। বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষার্থীরা যখন আমাদের উত্সবে এসে আনন্দে মেতে ওঠে তা দেখে আমাদের মন ভরে যায়। আমাদের সবচেয়ে বড়ো প্রাপ্তি এটাই। আর প্রতিবর্তন সব সময় এ কাজই চায়।’