অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ জয়ী টিমের সদস্য রাকিবুল হাসানের জন্মস্থান ফুলপুরে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার এই সংবর্ধনা দেওয়া হয়।
সকাল ৮টা ৪০ মিনিটে নিজ গ্রাম ফুলপুরে উদ্দেশ্য রওনা হন ক্রিকেটার রাকিবুল হাসান। দুপুর ২টায় ফুলপুর পৌর শহরে পৌঁছলে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।
প্রথমে উপজেলা হলরুমে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে একে একে বিভিন্ন স্কুল-কলেজ ও সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরপর বিকাল সাড়ে তিনটার দিকে রাকিবুল হাসানকে মোটরসাইকেল ও কার শোভাযাত্রার বহর রওনা হয় নিজ এলাকা রূপসী ইউনিয়নে। সেখানে এলাকাবাসী তাকে ফুলের মালা পরিয়ে প্রাণঢালা অভিনন্দন জানান।
সবশেষে সন্ধ্যায় নিজ বাড়িতে খাবার শেষে ময়মনসিংহ সার্কিট হাউজে রাত্রি যাপনের কথা রয়েছে। বুধবার ময়মনসিংহ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টে ও জেলা প্রশাসনের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

রাকিবুল হাসানকে গণসংবর্ধনা দেওয়া হয়। ছবি: ইত্তেফাক
ছোট বেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল রাকিবুল হাসানের আসক্তি। নিরলস চেষ্টায় ধাপে ধাপে ক্রিকেটারের তকমা জুটিয়েছেন। ২০১৭ সালে নিজ এলাকার রূপসী মাঠে পাগলা সূর্যসেনা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ৪ ওভার বল করে ১২ রান দিয়ে ৩ উইকেটের পতন ঘটিয়ে চারদিকে হৈচৈ ফেলে দেন। মূলত তখন থেকেই রাকিবুল হাসানের উত্থান শুরু।
ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের শহিদুল ইসলাম ও রুমেলা খাতুনের ছেলে রাকিবুল হাসান।
ইত্তেফাক/জেডএইচ
