একসঙ্গে প্রথমবার...

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৯

বিনোদন রিপোর্ট

 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইন্তেখাব দিনার ও আহসান হাবিব নাসিম। নাটকের তাদের বহুবার দেখা গেলেও প্রথমবারের মতো বাণিজ্যিক সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের। ‘বীরত্ব’ শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করবেন তারা।

অ্যাকশন ও থ্রিলার ঘরানার চলচ্চিত্রটি পরিচালনা করছেন সাইদুল ইসলাম। ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপও তার। এখনো সিনেমার সব চরিত্র চূড়ান্ত করা হয়নি। চূড়ান্ত হলে শুটিং শুরু হবে। ঢাকা, ফরিদপুর, রাজবাড়ী, কক্সবাজার, বান্দরবান ও দুবাইতে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে শিগগিরই।

ইন্তেখাব দিনার বলেন, ‘এটা এমন একটি চরিত্র, যার অপেক্ষায় ছিলাম অনেকবছর। শেষ পর্যন্ত এমনই একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেলাম। আশা করি ভালো একটি কাজ হবে। অভিনয়ের ভালো সুযোগ থাকবে।’

এ প্রসঙ্গে নাসিম বলেন, ‘চলচ্চিত্রের গল্প শুনে বেশ ভালো লাগে। পাশাপাশি আমার চরিত্রটিও। চিত্রনাট্যটি পড়তে গিয়ে আমাকে বারবার থামতে হয়েছে, ভাবতে হয়েছে। সেই আগ্রহ থেকেই কাজ করা। আশা করি ভালো একটি কাজ হতে যাচ্ছে।’