চেলসির দুর্ভাগ্যজনক হার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৩

সাতে উঠে এলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেড গত সোমবার রাতে স্টামফোর্ড ব্রিজে চেলসিকে ২-০ গোলে হারিয়ে এখনো শীর্ষ চারে থাকার আশা জিইয়ে রেখেছে। অন্তত দলটির কোচ ওলে গুনার সোলসার তাই মনে করেন।

চেলসি অবশ্য খেলাটিতে হেরেছে বিতর্কিতভাবে। ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে যায়। ল্যাম্পার্ডের দল উভয়ার্ধে দুবার জালে বল পাঠিয়েছিল। কিন্তু ভিএআর সেসব বাতিল করে দেয়। এছাড়াও ব্লুজদের দুটি আক্রমণ নস্যাত্ হয় পোস্টে লেগে।

চেলসি কোচ ফ্র্যাংক ল্যাম্পার্ড হারটির পর বলেছেন, ভিএআর ‘সমর্থকদের আত্মাকে শেষ’ করে দিচ্ছে। তার মতে ভিএআর রেফারি তাদের দুটি গোল বাতিল করেছেন। এছাড়াও গোল করার অনেক আগেই হ্যারিকে লালকার্ড দেখাতে পারতেন মারাত্মক ফাউলের জন্য। এ জয়ে ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য অপরিহার্য শীর্ষ চার স্থান থেকে তিন পয়েন্টের ব্যবধানে এসে দাঁড়াল। যদিও লিগে এখনো অনেক খেলা বাকি। চেলসি অবশ্য এ হারের পরও চতুর্থ স্থানেই আছে।

ইউনাইটেডের গোল দুটি করেন অ্যান্থনি মার্শাল ও হ্যারি ম্যাগগুইয়ার। মার্শাল বিরতির ঠিক আগে ও হ্যারি গোল করেন ৬৬ মিনিটে। গেল বছরের আগস্টে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের খেলাতেও হেরেছিল চেলসি। সেটি ছিল ইউনাইটেডের মাঠে। তাতে স্বাগতিকরা জিতেছিল ৪-০ গোলে।

লিগের ২৬তম খেলা শেষে ১০ জয় ও আট ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠেছে ইউনাইটেড। চতুর্থ স্থানে থাকা চেলসির অর্জন ৪১ পয়েন্ট। ২৫ জয় ও এক ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি অবশ্য আজ রাতে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে খেলবে। তৃতীয় স্থানে আছে লেস্টার সিটি (৫০)।