চ্যাম্পিয়ন্স লিগের জন্য নতুন বল আনল অ্যাডিডাস। গতকাল মঙ্গলবার নকআউট পর্ব শুরুর দিনে ‘ইস্তাম্বুল ২০’ নামের এই বলটি উন্মোচন করল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটি। ৩০ মে তুরস্কের এই শহরের কামাল আতাতুর্ক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালেও ব্যবহূত হবে এই বল। প্রাচ্য ও পাশ্চাত্যের মিশ্রণে গড়া ইস্তাম্বুল শহরের মানচিত্র আছে এই বলে। এছাড়াও আছে চ্যাম্পিয়ন্স লিগের বিখ্যাত তারাগুলো। শহরটির সাংস্কৃতিক ঐতিহ্যকেও ঠাঁই দেওয়া হয়েছে এই বলে। চর্মগোলকের মাঝ বরাবর বসফরাসের পানিপথকেও ঠাঁই দেওয়া হয়েছে। গতরাতে শুরু হওয়া নকআউট পর্ব থেকে শিরোপা নির্ধারণ পর্যন্ত খেলা হবে এই বলটি দিয়ে।
