ক্রিকেট অপারেশন্সে র দ ব দ ল
স্পোর্টস রিপোর্টার
একদিকে দারুণ কৃতিত্ব পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটি, অন্যদিকে জাতীয় দলের টানা ব্যর্থতায় এখন কাঠগড়ায় ক্রিকেট অপারেশন্স কমিটি।
গত কিছুদিন ধরেই জাতীয় দলের কাঠামোতে বেশ কিছু পরিবর্তন আনার চিন্তা করছে বিসিবি। এর মধ্যে অন্যতম হলো ক্রিকেট অপারেশন্স কমিটির নেতৃত্বে পরিবর্তন। দীর্ঘদিন ধরে এ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আকরাম খান। ক্রিকেট পাড়ায় এখন জোর গুঞ্জন, তাকে সরিয়ে দিয়ে এ কমিটির দায়িত্বে আনা হচ্ছে আরেক সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে।
ক্রিকেট অপারেশন্স কমিটি বাংলাদেশ জাতীয় দল, ‘এ’ দলের মতো দলগুলোর অনুশীলন, তাদের নিয়ে পরিকল্পনা করা, তাদের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব পালন করে। ফলে জাতীয় দলের পারফরম্যান্সের কারণে এ কমিটির জবাবদিহিতা একটা জায়গা থেকে যায়।
বাংলাদেশ জাতীয় দল সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে ৩টি ম্যাচ জিতেছিল। এরপর থেকে তারা আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে যাচ্ছেতাই ভাবে টেস্ট হেরেছে। পাকিস্তানের বিপক্ষে কিছুদিন আগে টি-টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হয়েছে। বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের সাফল্য বলতে দেশের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ জয় ও ভারতের বিপক্ষে একটা টি-টোয়েন্টি জেতা। এই সাফল্যে বোর্ড সন্তুষ্ট হতে পারছে না। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন কিছুদিন আগে নিজেই বলেছেন, জাতীয় দলের ব্যাপারে কিছু কঠোর পদক্ষেপ নেবেন তারা। এর মধ্যে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করেছেন এসব পরিবর্তনের ব্যাপারে। ধারণা করা হচ্ছে, জাতীয় দলের পাশাপাশি বোর্ডের কিছু কমিটিতেও এ কারণে পরিবর্তন আনা হবে। সেই পরিবর্তনের কোপেও পড়তে পারে ক্রিকেট অপারেশন্স কমিটি। এ কমিটির চেয়ারম্যান আকরাম খান। তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে বলেই শোনা যাচ্ছে। অন্যদিকে দুর্জয় আপাতত হাই পারফরম্যান্স কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। তবে ক্রিকেট অপারেশন্সের পাশাপাশি পরিবর্তন আসতে পারে ক্রিকেট ফ্যাসিলিটিস কমিটিতেও। এ কমিটির চেয়ারম্যান লোকমান হোসেন ভুঁইয়া গ্রেফতার হয়ে আছেন। ফলে তার জায়গায় অন্য কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে শফিউল ইসলাম চৌধুরী নাদেলের নাম শোনা যাচ্ছে।
