বিশ্বকাপে সতীর্থ বোলাররা ভালো করায় বল করার সুযোগ পাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার শাহাদাত হোসেন। তবে বিসিবি একাদশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজের জাত চেনালেন তিনি। এ ম্যাচে ৮ ওভারে ১৬ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট।
বিকেএসপিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে ডাক পান সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ দলের ৬ ক্রিকেটার। ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশের যুবারা সফরকারি জিম্বাবুয়ের ধ্বস নামিয়ে দিয়েছে। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন শাহাদাত হোসেন। অথচ যিনি নাকি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বল করারও সুযোগ পাননি।
প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহাদাত বলেন, `বিশ্বকাপ শেষে দেশে ফিরে খুব একটা সময় পায়নি। খুব দ্রুতই আবার মাঠে নামতে হয়েছে। আমরা মনে করি এটাই আমাদের জব। এখানে ভালো করলে আগামীতে জাতীয় দলে খেলা সম্ভব হবে। বিশ্বকাপে আমি বল করতে পারিনি। তাই এখন থেকে আমি নিয়মিত বল করতে চাই।'
বিশ্বকাপে যুবাদের সাথে খেললেও এবার বড় একটা দলের সাথে খেলছেন এমন অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, `অভিজ্ঞতা সব সময় হচ্ছে। সবকিছুই সেমিলার আছে। আমি যদি আমার প্রসেসের মধ্যে থাকি তাহলে সব কিছুই সিম্পল লাগে।'
ইত্তেফাক/এসআই
