কাপ্তাই-চট্টগ্রাম মহাসড়ক

রাস্তার পাশে ধস দুর্ঘটনার আশঙ্কা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৫

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা

কাপ্তাই-চট্টগ্রাম মহাসড়কের বালুরচর নামক স্থানে রাস্তার পাশে ধস দেখা দিয়েছে। নিচ থেকে মাটি সরে গিয়ে সড়কের ঐ অংশ শূন্যে ঝুলে আছে। স্বাভাবিকভাবে রাস্তার ওপর থেকে ধসনামা অংশটি দৃষ্টিগোচর হয় না। সতর্কতার জন্য রাস্তার পাশ ঘেঁষে লাল পতাকা পুঁতে দেওয়া হয়েছে। সড়কের পাশে বসবাসকারী স্থানীয় মনছুর মিয়া জানান, এই সড়কের ওপর দিয়ে প্রতিদিন যাত্রীবাহী বাস, ট্রাক, লরিসহ শত শত যান চলাচল করে। সড়কের পাশে ধসনামা অংশটি সচরাচর কারো নজরে পড়ে না। কোনো বড়ো গাড়ি সড়কের পাশ দিয়ে গেলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, যান চলাচল ও সর্বস্তরের জনসাধারণকে সচেতন করতে স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সড়কের ভাঙন কবলিত অংশে লাল পতাকা তুলে দেওয়া হয়েছে। আপাতত সড়কের ধসনামা অংশে দূর থেকে গাড়ি চালানোর চেষ্টা করছেন চালকরা। এ ব্যাপারে যাত্রীবাহী বাসচালক মো. জসিম উদ্দীন বলেন, আমরা প্রতিদিন যাত্রী নিয়ে চার বার এই সড়ক দিয়ে যাতায়াত করি। এখানে যে একটি ধসনামার ঘটনা ঘটেছে তা আগে জানতাম না। কিন্তু সড়কের ওপর লাল পতাকা দেখার পর আমরা সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর চেষ্টা করছি। তবে রাতেরবেলায় এই লাল পতাকা চোখে নাও পড়তে পারে। তখন যদি কোনো গাড়ি ঐ স্থান দিয়ে যায় তবে দুর্ঘটনা ঘটতে পারে।

কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ বলেন, সড়কের ওপর যে স্থানে ধস নেমেছে, সেখানে জরুরিভিত্তিতে সংস্কার প্রয়োজন। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করেছি। সড়ক ও জনপথ বিভাগের স্থানীয় প্রকৌশলী মো. ইসমাইল হোসেন বলেন, কাপ্তাই সড়কের পাশে যে স্থানে ভাঙন বা ধস নেমেছে সেখানে অল্প সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু হবে। এ ব্যাপারে সওজের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।