বিল বকেয়া
চট্টগ্রাম অফিস
বকেয়া বিল পরিশোধ না করায় সোমবার বিকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। ফলে রোগীদের খাবার রান্নাসহ হাসপাতালের বিভিন্ন প্রয়োজনীয় কাজে চলছে অচলাবস্থা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, জেনারেল হাসপাতালের কাছে কেজিডিসিএল এর গ্যাস বিল বকেয়ার পরিমাণ ৬ লাখ টাকা। এমনিতে জেনারেল হাসপাতাল প্রতি তিন মাস পর পর গ্যাস বিল পরিশোধ করে। কিন্তু সরকার থেকে বরাদ্দ কম থাকায় এ বকেয়া হয়েছে।
হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৩ ফেব্রুয়ারি বকেয়া পরিশোধের রিমাইন্ডার দিয়ে চিঠি পাঠায় চট্টগ্রামের গ্যাস বিপণনকারী প্রতিষ্ঠান কেজিডিসিএল। এর প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ টাকা পরিশোধে কয়েকদিন দেরি হতে পারে বলে কেজিডিসিএল কর্তৃপক্ষকে জানায়।
