সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪১

চৌগাছায় অস্ত্র-মাদকসহ বাবা-ছেলে গ্রেফতার

চৌগাছা (যশোর) সংবাদদতা চৌগাছায় পিস্তল, ম্যাগাজিন, গুলি, ফেনসিডিলসহ আব্দুল মান্নান (৬০) ও তার ছেলে জাকির হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাদের আটক করা হয়। তারা ঐ ইউনিয়নের কাবিলপুর গ্রামের বাসিন্দা। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব জানান, মান্নানের কাছ থেকে একটি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং জাকিরের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা হয়েছে।

প্রসূতি ও নবজাতক মৃত্যু হ্রাসকল্পে সচেতনতা সভা

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে প্রসূতি ও নবজাতক মৃত্যু হ্রাসকল্পে গতকাল মঙ্গলবার সামাজিক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে ও কেয়ার বাংলাদেশের আয়োজনে উপজেলার রায়দৌলতপুর ইউপি চেয়ারম্যান লুত্ফর রহমানের সভাপতিত্বে চৌবাড়ী গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় কেয়ার বাংলাদেশের কো-অর্ডিনেটর (এইচএসএস) ডা. মো. আহসানুল ইসলাম, অডিট অফিসার ইসমত আরা হেনা প্রমুখ বক্তব্য দেন।

তিন দিনব্যাপী কৃষিমেলা

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা মঠবাড়িয়ায় কৃষকদের নিত্যনতুন কৃষি প্রযুক্তিতে যুক্ত করতে গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী কৃষিমেলা শুরু হয়েছে। পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. রুস্তম আলী ফরাজী উপজেলা চত্বরে মেলা উদ্বোধন করেন । পরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

তিন দিনব্যাপী বইমেলা

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা চন্দনাইশে ভাষাসৈনিক প্রিন্সিপাল আবুল কাসেম ফাউন্ডেশনের উদ্যোগে আজ বুধবার তিন দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে। সদরের শাহ আমিন পার্কে বইমেলা উদ্বোধন করবেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর সরোজ সিংহ হাজারী। বইমেলা উদ্যাপন পরিষদের সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।

বিনা মূল্যে চক্ষু চিকিত্সা ক্যাম্প

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জে সোমবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিত্সা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দাতব্য প্রতিষ্ঠান ‘আলহাজ্ব মোবারক আলী চ্যারিটেবল ট্রাষ্ট’ পীরগঞ্জ উপজেলা এবং পার্শ্ববর্তী রাণীশংকৈল, বোচাগঞ্জ ও কাহারোল উপজেলার চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। পীরগঞ্জ আর এম বালিকা বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পের বাছাই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম, ট্রাস্টের চেয়ারম্যান মুনির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা মেহেরপুরের গাংনীতে শুদ্ধভাবে ও শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার একটি ও ইউনিয়ন পর্যায়ে ৯টিসহ মোট ১০টি দল অংশগ্রহণ করে। পরে মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

‘জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট মানবসেবায় অনুপ্রেরণার উত্স’

চট্টগ্রাম অফিস সমাজসেবা অধিদপ্তরের উপসচিব নুসরাত সুলতানা বলেছেন, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের মানবসেবামূলক বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন, যা মানবসেবায় অনুপ্রেরণার উত্স হিসেবে কাজ করবে আমাদের সমাজজীবনে। গতকাল মঙ্গলবার বিকালে ‘সৈয়দ নুরুল বখেতয়ার শাহ্ (র.) দাতব্য চিকিত্সালয়’ কেন্দ্রটি সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পরিদর্শন শেষে তিনি রোগীদের মধ্যে ওষুধ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অফিসার ডা. তারেক-উল কাদের, দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ প্রমুখ।