ট্রলারে চাঁদাবাজি বন্ধের দাবিতে মাঝিদের মানববন্ধন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৬

ইত্তেফাক রিপোর্ট

বুড়িগঙ্গা নদীতে ট্রলারে চাঁদাবাজি বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছেন মাঝিরা। জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুরে আয়োজিত মানববন্ধনে মাঝিরা বলেন, দীর্ঘদিন ধরে তারা চাঁদাবাজদের কাছে জিম্মি হয়ে আছেন। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য নৌপরিবহন প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা।

নৌকার মাঝি সমিতির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. সুলতান বলেন, কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যানের নামে ঐ এলাকার কয়েক জন বুড়িগঙ্গায় নৌকা ঘাট বন্ধ করে ট্রলার ঘাট বানানোর পাঁয়তারা করছে। গত আট বছর নৌকার মাঝিদের কাছ থেকে তারা চাঁদার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। গত তিন মাসে মাঝিরা তাকে চাঁদা না দেওয়ায় নৌকা ঘাটকে ট্রলার ঘাট বানিয়ে চাঁদাবাজি অব্যাহত রেখেছে। এখন মাঝিদের ওপর অন্যায় ও জুলুম করছে। এই অবস্থা থেকে তারা পরিত্রাণ চান।

নেতারা বলেন, এখন তাদের কাছ থেকে পাশ না নিয়ে কেউ ট্রলার চালাতে পারছেন না। এই পাশের জন্য তাদের চাঁদা দিতে হচ্ছে। সদর ঘাট, শ্যামবাজার ঘাট ও ওয়াইজ ঘাট থেকে প্রায় দেড় হাজার নৌকা চলাচল করে থাকে। এর মধ্যে শ্যামবাজার মসজিদ ঘাট ফাঁকা পড়ে থাকে। কারণ তাদের দাবি অনুযায়ী চাঁদা পরিশোধ করার সামর্থ্য মাঝিদের নেই। ফলে মাঝিরা এখন অসহায় দিন পার করছেন।