খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গ

মির্জা ফখরুলের সঙ্গে ফোনালাপের রেকর্ড আছে :কাদের

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩১

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে জনবিস্ফোরণের চেষ্টা করছে বিএনপি। তার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি রাজনৈতিক ইস্যু তৈরির চেষ্টা করছে। আসলে বিএনপি সব কিছুতেই রাজনীতি করতে চায়। তাই তাদের দলের নেত্রীর মুক্তি নিয়েও রাজনীতি করছে।’ গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় অঞ্চলের নেতাদের সঙ্গে আয়োজিত যৌথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাকে ফোন করে অনুরোধ করেছেন, খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে একটু কথা বলার জন্য। আমি প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি। অথচ এক জায়গায় বলেছেন তিনি নাকি কথা বলেননি। আসলে তিনি কি প্রমাণ করতে চান, তিনি অনুরোধ করেননি? তাহলে কিন্তু প্রমাণ দিয়ে দেব। তিনি আমার সঙ্গে ফোনে কথা বলেছেন, সেটার রেকর্ড আছে। আমি আর নিচে যেতে চাই না। অসত্য কথা কেন বলব?’ বয়স বিবেচনায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা যেমন থাকার কথা তেমনই আছে উল্লেখ করে তিনি বলেন, ফখরুল সাহেব ঝানু রাজনীতিক হতে পারেন কিন্তু চিকিত্সক না। তিনি কীভাবে বলবেন, খালেদার শরীরের অবস্থা কেমন? ওবায়দুল কাদের বলেন, চিকিত্সার ব্যাপারে মির্জা ফখরুল কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। চিকিত্সকরা বলছেন, খালেদা জিয়ার অবস্থা বার্ধক্যের কারণে যে অবস্থানে থাকার কথা, সেই অবস্থানে তার শারীরিক অবস্থা রয়েছে। ওবায়দুল কাদের বলেন, ‘জ্বালাও-পোড়াও আন্দোলন করে তারা ক্ষান্ত হয়নি। নির্বাচনে পরাজিত হয়ে তারা ক্ষান্ত হয়নি। নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে তারা সরকার হঠানোর জন্য সরকারের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করছে।