আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে একটি আত্মমর্যাদাশীল দেশ করেছেন। রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর গতকাল মঙ্গলবার শেষ দিনে আলোচনায় অংশ নিয়ে তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য ছিল একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলে বাংলাদেশকে বিশ্বে আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করা, শেখ হাসিনা সেই লক্ষ্য বাস্তবায়ন করেছেন।
আমির হোসেন আমু বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জাতিসংঘে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের বাংলাদেশের বিরোধিতা করার কথা উল্লেখ করে বলেন, আজ সেই হেনরি কিসিঞ্জারই জাতিসংঘে জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শান্তি পুরস্কার তুলে দিয়েছেন। আসলে আমেরিকা এখন শেখ হাসিনার একক কৃতিত্বে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি করার জন্য এ শান্তি পুরস্কার দিতে বাধ্য। শেখ হাসিনাকে দূরদৃষ্টিসম্পন্ন, সত্, সাহসী ও পরিশ্রমী রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে উল্লেখযোগ্য প্রথম সারির বিশ্বনেতা হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছেন।
আলোচনায় অংশ নিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার মুক্তিযুদ্ধের চেতনায় ভিশন ২০২১ ও ২০৪১ সালের মধ্যে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ দীর্ঘমেয়াদি ডেলটা প্ল্যান প্রণয়নও করেছে। তিনি বলেন, সরকারের এ কর্মযজ্ঞের ফলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ভারত, পাকিস্তানসহ এশিয়ার মধ্যে শীর্ষে রয়েছে। তিনি সংসদে রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেওয়ায় সংসদ সদস্যদের প্রতি ধন্যবাদ জানান।
