ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন আজ বুধবার। বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থীরা আজ বিকালের মধ্যে সংশ্লিষ্ট তিন সংসদীয় আসনের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। গত ৬ ফেব্রুয়ারি ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনের তপশিল ঘোষণা করে ইসি। ইসির ঘোষিত তপশিল অনুযায়ী তিন আসনের উপনির্বাচনে ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি আপিল, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি, ২৯ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং প্রতীক বরাদ্দ ১ মার্চ আর ভোটগ্রহণ হবে ২১ মার্চ।
এদিকে ঢাকা-১০ আসনের আসন্ন উপনির্বাচনে মঙ্গলবার পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ ও বিএনপিসহ মোট ছয় জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দীন জানান, ঢাকার লালবাগ থানা নির্বাচন অফিস, ধানমন্ডি থানা নির্বাচন অফিস ও আগারগাঁওয়ের ইটিআই ভবনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং দাখিলও করতে পারবেন। যে ছয় জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন—আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টি-জাপার মো. শাহজাহান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী, বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী এবং স্বতন্ত্র আ. মান্নান।
