কাশ্মির নিয়ে মন্তব্যের জের, তুর্কি রাষ্ট্রদূতকে তলব ভারতের

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪৮

কাশ্মির নিয়ে তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানের মন্তব্যে ক্ষুদ্ধ ভারত প্রতিবাদ জানাতে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে। সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় রাষ্ট্রদূত শাকির ওজকান তলুনারকে ডেকে পাঠায়। এরদোয়ানের মন্তব্য দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে গুরুতর প্রভাব ফেলবে বলে ভারত সতর্ক করেছে। কাশ্মির বিরোধের ইতিহাস না জেনে বুঝেই এরদোয়ান এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রেসিডেন্ট এরদোয়ান গত সপ্তাহে বলেছিলেন, ভারতের একতরফা পদক্ষেপের কারণে ভারত-শাসিত কাশ্মিরের পরিস্থিতির অবনতি হচ্ছে। এদিকে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার নয়, ব্রিটিশ এমপি ডেবি অ্যাব্রামসের ভিসা বাতিল করে দেশে ফেরানোকে সমর্থণ করল বিরোধীরাও। ডেবির বিরুদ্ধে পাকিস্তান ও আইএসআই সংযোগের অভিযোগ তুলে কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি বলেছেন, তাকে ফেরত পাঠিয়ে ঠিকই করেছে সরকার। -রয়টার্স ও আনন্দবাজার পত্রিকা